বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ৪ নভেম্বর ২০২৬

‘এবার স্পেস লেজার কাজ করেনি’, নির্বাচনে হার নিয়ে মাস্কের রসিকতা

November 4, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 5 বার পঠিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর নিজের ‘নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশের লেজার’ নিয়ে রসিকতা করেছেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনের দিনই ভোটারদের রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘মনে হচ্ছে, এবার আমার নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশের লেজারগুলো কাজ করেনি।’

এর কয়েক ঘণ্টা আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ লালকে ভোট দিন!’ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে লাল রং রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। মাস্কের এই আহ্বান এসেছিল এমন এক নির্বাচনের দিন, যার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরের জন্য কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারিত হওয়ার কথা।

নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ-দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ট্রাম্প বলেন, তিনি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।

অক্টোবরে এপি-নরসের এক জরিপে দেখা যায়, প্রায় অর্ধেক মার্কিন ভোটার দেশ পরিচালনার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন চান। প্রায় ৩০ শতাংশ চান পুরো ব্যবস্থায় আমূল পরিবর্তন। অন্যদিকে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় দুজন ছোটখাটো পরিবর্তন অথবা কোনো পরিবর্তনই চান না।

এবারের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেনসিক্রেটসের হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ এসেছে সুপার পিএসি নামে পরিচিত রাজনৈতিক তহবিল থেকে। এসব তহবিল গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, ব্যক্তিগত দাতাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন তিনি। বিশেষ করে টেক্সাসে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে তার বড় অঙ্কের অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে।

তবে টেক্সাসে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট জেমস টালারিকো। এর মধ্য দিয়ে রাজ্যটিতে ৩৮ বছরের পরাজয়ের ধারার অবসান ঘটিয়েছে ডেমোক্র্যাটরা। প্যাক্সটন ছিলেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *