আশুগঞ্জে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ ইখতারা সরকার- (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইখতারা সরকার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন।
ঘাতক জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর ভোরে আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর শরীরে পেট্টোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠে স্বামী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। আগুনে গৃহবধুর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহের পাশাপাশি স্ত্রীকে প্রায়ই মারধর করতেন তিনি। গত দেড় মাস আগে মারধরের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতারা।
স্বজনদের দাবি, ঘটনার আগের দিন শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পেট্টোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরদিন ভোরে ফজরের নামাজ পড়তে ইখতারার মা ঘর থেকে বের হলে সেই সুযোগে জাহাঙ্গীর ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তাঁর চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন।
ইখতারার গলা ও কণ্ঠনালীসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। পরে তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।



মন্তব্য করুন