ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বই পড়া কর্মসূচির উপজেলা পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ষণ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম, একাডেমিক সুপার ভাইজার পাপিয়া আক্তার, সমাজ সেবা কর্মকর্তা নূরুল মাহমুদ ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাফিয়া বেগম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ শে মে ২০২৬ থেকে ২৫ শে মে ২০২৭ নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সাম্য, বিদ্রোহ অসাম্প্রদায়িকতার চেতনা ও দেশপ্রেমের চেতনা তা ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেয়ার জন্যই এই নজরুল বর্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে যে অসাম্প্রদায়িক মনোভাব নজরুলের লেখনীতে আমরা পাই। নারী পুরুষের যে সমঅধিকার তা আমরা নজরুলের লেখনীতে পাই। নজরুলের লেখা আমরা যত বেশি চর্চা করব তত বেশি আমরা সমৃদ্ধ হব।
তিনি আরো বলেন, বই পড়ার মাধ্যমে উপকারিতা ছাড়া কোন অপকারিতা নাই। এখনকার বাচ্চারা মোবাইল ফোনে বেশি ব্যস্ত, বই পড়ার যে একটা ধৈর্য শক্তি সেটা আস্তে আস্তে বাচ্চাদের কমে যাচ্ছে। বই পড়লে আমাদের সৃজনশীলতা অনেক বাড়ে। মুখস্ত করে পরিক্ষা পাশ করা গেলেও প্রকৃত জ্ঞান অর্জন করা যায় না।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।



মন্তব্য করুন