বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

November 19, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 45 বার পঠিত

এপেক সম্মেলনের ফাঁকে দক্ষিণ চীনের শেনঝেনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হাওয়ার কথা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের শুরুতে শি জিনপিং একে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব আর বিচ্ছিন্ন দ্বীপের সমষ্টি নয়; মানবজাতি এখন একটি ‘বৈশ্বিক গ্রামে’ বসবাস করছে, যেখানে সবার ভাগ্য পরস্পরের সঙ্গে জড়িত। তাই বড় শক্তিগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে।

শি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান, সামগ্রিক স্থিতিশীলতা ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের ভিত্তিতে বড় শক্তিগুলোর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে চীন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিন দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার কথাও তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট।

বৈঠকে আমন্ত্রণ ও উষ্ণ অভ্যর্থনার জন্য শিকে ধন্যবাদ জানান ট্রাম্প। সফল এপেক সম্মেলন আয়োজনের জন্যও চীনা প্রেসিডেন্টকে অভিনন্দন জানান তিনি। ট্রাম্প বলেন, তিন নেতার আলোচনার মতো অনেক বিষয় রয়েছে এবং এরই মধ্যে তাঁরা অনেক কিছু নিয়ে কথা বলেছেন। বিশ্বের বৃহত্তম তিন দেশের নেতা হিসেবে গঠনমূলক সংলাপ বজায় রাখার বিশেষ দায়িত্ব তাঁদের রয়েছে। তাঁর ভাষায়, ‘আলোচনা ও মতবিনিময়ের সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি।’

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেন, গঠনমূলক সহযোগিতার মাধ্যমে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্থিতিশীলতা জোরদার করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ এবং জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আন্তর্জাতিক শান্তি ও আইনব্যবস্থা শক্তিশালী করার দায়িত্বও তিন দেশের রয়েছে।

ইউক্রেনসহ বিভিন্ন আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেন পুতিন। ট্রাম্পের উদ্যোগে বৈঠকে ইউক্রেন সংঘাত বিশেষ গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুর সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনার ওপর গুরুত্ব দেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং পুতিনের সঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা করেন। পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প জানিয়েছিলেন, ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলবেন তাঁরা। এ ছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাত, বাণিজ্য ও পারমাণবিক অস্ত্রের মতো বিষয়ও আলোচনায় আসতে পারে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *