ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও এ তথ্য জানিয়েছেন।
গত ১৭ নভেম্বর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে উপস্থিত হয়েছিলেন হাং কাও। সেখানে তিনি জানান, অপারেশন এপিক ফিউরি চলাকালে ‘ব্যবহারের অযোগ্য’ হিসেবে বিবেচিত বেশ কয়েকটি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ব্যবহারের উপযোগী করার জন্য ক্ষেপণাস্ত্রগুলোর পুরোনো কোড বাতিল করে নতুন কোড নির্ধারণ (রিকোড) করা হয়েছিল বলেও উল্লেখ করেছেন তিতি।
এই প্রক্রিয়াটিকে ‘বাসি রুটিকে খাওয়ার উপযোগী করে তোলার’ সঙ্গে তুলনা করেছেন মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব।
শুনানিতে হাং কাও বলেন, “অপারেশন এপিক ফিউরিতে ব্যবহৃত অনেক গোলাবারুদই আমরা পুনরায় কোড নির্ধারণের মাধ্যমে ব্যবহারের উপযোগী করতে পেরেছিলাম। এগুলোর কোড ছিল ‘কোড ইকো’ এবং ‘কোড ফক্সট্রট’, যার অর্থ হলো এগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে দেখুন, আমি একটি দরিদ্র পরিবার থেকে এসেছি। রুটির মতো জিনিস তো আর পুরোপুরি নষ্ট হয়ে যায় না—সামান্য পানি ছিটিয়ে ১৫ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করলেই তা খাওয়ার উপযোগী হয়ে ওঠে।”
মার্কিন প্রতিরক্ষা লজিস্টিকস এজেন্সির তথ্য অনুযায়ী, ‘কোড ইকো’ এবং ‘কোড ফক্সট্রট’ বলতে এমন সামরিক সরঞ্জামকে বোঝায়, যা ব্যবহারের অযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ হলেও মেরামতযোগ্য।
‘কোড ইকো’ মানে হলো, সরঞ্জামটিকে পুনরায় ব্যবহারের উপযোগী করতে সামান্য কিছু কাজ প্রয়োজন; আর ‘কোড ফক্সট্রট’ বলতে বোঝায় এমন সরঞ্জাম, যেগুলোর জন্য বড় ধরনের মেরামত বা সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন হয়।
মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র অন্তত ৮৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।
মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রাক্কলন অনুযায়ী, সেই সময়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩,০০০ টমাহক ক্ষেপণাস্ত্র মজুত ছিল।
টমাহক ক্ষেপণাস্ত্র হলো দূরপাল্লার অস্ত্র, যা অনেক দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়। এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং তৈরি করতে বেশ সময়ের প্রয়োজন হয়। এ কারণে যুদ্ধের সময় ব্যবহৃত এই অস্ত্রগুলোর দ্রুত বিকল্প খুঁজে পাওয়া সামরিক বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে।
গত এপ্রিলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের ২০২৭ সালের বাজেট প্রস্তাবের অংশ হিসেবে টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ পুনরায় পূরণ করার জন্য কংগ্রেসের কাছে প্রায় ৩ বিলিয়ন ডলার অনুমোদনের অনুরোধ জানায়। পরে আগস্ট মাসে, মার্কিন সামরিক বাহিনী টমাহক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্কিন সমরাস্ত্র নির্মান কোম্পানি রেথিয়নের সঙ্গে ২২.৯ বিলিয়ন ডলার মূল্যের সাত বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে শর্ত অনুযায়ী রেথিয়নকে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জন্য রেথিয়ন প্রতি বছর কমপক্ষে ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করে দেবে।
সূত্র : ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, এনডিটিভি অনলাইন



মন্তব্য করুন