যৌন কর্মকাণ্ডের সময় বিদ্যুতের শক! কৃত্রিম মেধার বিশিষ্টদের জন্য ‘সেক্স পার্টি’ পরিচালনা করতেন অ্যানথ্রপিকের গবেষক!

‘ওয়াশিংটন ফ্রি বিকন’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘রেড মিন্স নো’ নামে তালিকাভুক্ত এই সংস্থাটি বর্তমানে তদন্তের মুখে রয়েছে। কারণ, তাদের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়া অন্তত এক জন মহিলা যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন।
বিশ্বের অন্যতম নামী এআই সংস্থা। সেই অ্যানথ্রপিকের সাইবার নিরাপত্তা গবেষকই নাকি কৃত্রিম মেধা বা এআই জগতের বিশিষ্ট ব্যক্তিদের জন্য ‘সেক্স পার্টি’র ব্যবসা পরিচালনা করতেন! তেমনটাই উঠে এসেছে একটি প্রতিবেদন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রপিকের সাইবার নিরাপত্তা গবেষক পল ক্রাউলি এমনই একটি বে এরিয়া-ভিত্তিক সংস্থার সঙ্গে যুক্ত। অভিযোগ, সংস্থাটি এমন সব ‘সেক্স পার্টি’র আয়োজন করত, যেখানে কৃত্রিম মেধাজগতের অনেক বিশিষ্ট ব্যক্তি অংশ নিতেন।
‘ওয়াশিংটন ফ্রি বিকন’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘রেড মিন্স নো’ নামে তালিকাভুক্ত এই সংস্থাটি বর্তমানে তদন্তের মুখে রয়েছে। কারণ, তাদের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়া অন্তত এক জন মহিলা যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, পল ক্রাউলির বিরুদ্ধে সরাসরি যৌন নির্যাতনের কোনও অভিযোগ নেই।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এআই গবেষক পল ক্রাউলি ২০২৫ সালে অ্যানথ্রপিকে যোগ দেন। অন্য দিকে, খাতায়কলমে ‘রেড মিন্স নো এলএলসি’ সংস্থার এক জন ব্যবস্থাপক তিনি।
ক্রাউলির লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ২০২৩ সালে তিনি গুগলে ‘স্টাফ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে কর্মরত ছিলেন। ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অফ স্টেটের ২০২৩ সালের ১৭ অগস্টের নথিতে ক্রাউলির নাম কোম্পানির ব্যবস্থাপক বা সদস্য হিসেবে রয়েছে।

তবে অ্যানথ্রপিকে যোগ দেওয়ার আগে নিরাপত্তা গবেষক ‘রেড মিন্স নো’ থেকে সরে এসেছিলেন কি না, অথবা এখনও কোনও ভাবে এর সঙ্গে যুক্ত আছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
‘রেড মিন্স নো’-এর ওয়েবসাইটে তাদের অনুষ্ঠান বা পার্টিকে ‘সম্মতিমূলক অ-সম্মতি’ ভিত্তিক পার্টি হিসেবে বর্ণনা করা হয়েছে। সংস্থাটির দাবি, অংশগ্রহণকারীরা আগে থেকেই এমন সব পরিস্থিতির জন্য সম্মত থাকেন, যেখানে ‘না’ বলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ, কেউ হয়তো মুখে ‘না’ বলছেন, কিন্তু সেটি একটি পরিকল্পিত ভূমিকা বা ‘রোল-প্লে’র অংশ।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পার্টিতে প্রবেশ করে কব্জিতে একটি ব্যান্ড পরার অর্থই হল, অংশগ্রহণকারীরা ব্যথা হতে পারে এমন কিছু নির্দিষ্ট যৌনতামূলক কর্মকাণ্ডের জন্য ‘পূর্বনির্ধারিত সম্মতি’ দিয়ে দিচ্ছেন।
ওয়েবসাইটের বর্ণনায় বলা হয়েছে, “আমাদের পার্টিগুলি এমন ভাবে সাজানো হয়েছে, যেখানে আপনি অন্যদের ‘না’ বলাকে উপেক্ষা করতে পারেন। আবার আপনার ‘না’ বলাকেও অন্যেরা উপেক্ষা করতে পারেন।” সেখানে আরও বলা হয়েছে, “আমরা যদিও ‘সম্মতি না থাকার’ অনুভূতি তৈরি করার চেষ্টা করি, তবে বাস্তবে সম্মতি লঙ্ঘন করা কঠোর ভাবে নিষিদ্ধ। আমরা আমাদের নিয়মকানুন ও আয়োজনের কাঠামোর কঠোর অনুসরণ এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে অত্যন্ত সতর্কতা প্রত্যাশা করি।’’
ওয়েবসাইটে তালিকাভুক্ত নিয়মাবলিতে যৌন কর্মকাণ্ডের সময় হালকা বৈদ্যুতিক শক এবং মাঝারি ধরনের মারধরের মতো আরও চরম কার্যকলাপের অনুমতিও রয়েছে বলে মনে হয়, তবে তা কেবল অংশগ্রহণকারীদের আগে থেকে আলোচনার মাধ্যমে ঠিক হওয়ার পরেই।
সংস্থাটির ওয়েবসাইট অনুযায়ী, অংশগ্রহণকারীরা কোনও ধরনের পরিস্থিতি থামাতে ‘রেড’ নামক ‘সেফ ওয়ার্ড’ ব্যবহার করতে পারেন। এর ওয়েবসাইটে কিছু নির্দিষ্ট বিধিনিষেধের তালিকাও রয়েছে, যার মধ্যে চেহারা বা জাতিগত কটূক্তির উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
যদিও সংস্থাটি বলে যে প্রকৃত সম্মতি লঙ্ঘন কঠোর ভাবে নিষিদ্ধ, তবে তাদের আয়োজিত পার্টিতে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। ‘ওয়াশিংটন ফ্রি বিকন’-এর প্রতিবেদন অনুযায়ী, এক জন মহিলা দাবি করেছেন যে এই ধরনের একটি অনুষ্ঠানে তিনি যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
তবে প্রতিবেদনটিতে ক্রাউলির বিরুদ্ধে যৌন নিপীড়নের সরাসরি অভিযোগ আনা হয়নি বা তিনি যে ওই ঘটনাটিতে জড়িত ছিলেন, তা-ও প্রমাণিত হয়নি। এমনকি সংস্থার নথিতে এআই শিল্প থেকে নাম থাকা ব্যক্তিদের মধ্যে ক্রাউলিই একমাত্র নন।
২০২৩ সালের নথিতে ‘মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট (মিরি)’-এর প্রাক্তন ডিরেক্টর অফ অপারেশনস অ্যারন সিলভারব্রুক এবং ইলিওস এআই-এর ম্যানেজিং ডিরেক্টর রোজ়ি ক্যাম্পবেলকেও সংস্থার ম্যানেজার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
ক্যাম্পবেল আগে ওপেনএআই-এর নিরাপত্তা দলে কাজ করতেন। তবে বর্তমানে ‘রেড মিন্স নো’-এর ম্যানেজার হিসেবে তাঁর নাম আর তালিকাভুক্ত নেই।
‘রেড মিন্স নো’-এর সহ-প্রতিষ্ঠাতা বে এরিয়ার এক জন যৌনকর্মী। নাম আয়েলা। আয়েলার সঙ্গী নেট সোয়ারেস এআই নিরাপত্তা গবেষণা সংস্থা মিরি-র প্রধান।
আনন্দবাজার ডট কম


মন্তব্য করুন