বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী

November 20, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 50 বার পঠিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, শেভরন দেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করে। এক্সিলারেট দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট পরিচালনা করছে। জিই ভারনোভাও বাংলাদেশের বিদ্যুৎ খাতে কাজ করছে। মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা

বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে (এআরটি) স্বচ্ছ শুল্ক ব্যবস্থা, ব্যবসার নিয়মকানুন সহজ করা, নীতিগত সিদ্ধান্তে পূর্বানুমানযোগ্যতা এবং আন্তর্জাতিক মান অনুসরণের বিষয় রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সংস্থাটি জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বীমা এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অর্থায়ন করে। তবে অর্থায়ন পেতে প্রকল্পকে ব্যবসায়িকভাবে লাভজনক ও বাস্তবসম্মত হতে হবে।

অনুষ্ঠানে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের বাস্তব পরিস্থিতি কঠিন, অর্থনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জের পাশাপাশি দেশের নিজস্ব সক্ষমতা, সম্পদ ও সম্ভাবনাগুলোও খুঁজতে হবে। উদ্যমী ও উদ্ভাবনী তরুণদের শক্তি কাজে লাগিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা করার পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশ কোথায় যেতে পারে, তা নিয়েও ভাবতে হবে। দেশের কারখানা, কৃষি, শহর ও তরুণদের মধ্যে শক্তিশালী উদ্যোগী মনোভাব এবং উদ্ভাবনের আকাঙ্ক্ষা রয়েছে। এই শক্তিকে কাজে লাগাতে হবে।

দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক হয়রানিকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দুর্নীতি নিয়ে আলোচনা হলেও হয়রানির বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। প্রাতিষ্ঠানিক হয়রানির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কর দিতে চাইলেও করের আওতা বাড়ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায় থেকে বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর তৈরি ও তাদের বক্তব্য শোনা জরুরি।

আইবিএফবির সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খান বলেন, ডিএফসির অর্থায়নের সুযোগকে বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে তিনি নিজেও নীতিগত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে নীতিমালা সহজ, ন্যায্য ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। এ জন্য নির্মাণ অনুমোদন, সরকারি সেবা গ্রহণ ও ব্যবসা পরিচালনার জটিলতা কমাতে হবে।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি জন ফ্লুহার্টি উপস্থিত ছিলেন। তিনি আইবিএফবির সঙ্গে অতীতের সহযোগিতার ধারাবাহিকতায় ভবিষ্যতেও যৌথ কর্মসূচি ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিএফবির সাবেক সভাপতি হাফিজুর রহমান খান। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *