বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

এবার মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল

November 18, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 36 বার পঠিত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের কাজে ব্যবহৃত অত্যন্ত গোপন একটি নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। নেটওয়ার্কটি সচল করার কাজ চলার মধ্যে মঙ্গলবার রাতে সংস্থাটির বেশির ভাগ কর্মীকে দপ্তরে যেতে নিষেধ করা হয়। শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মীদের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন ছয় কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

এনএসএর কর্মীদের জন্য প্রচারিত একটি অডিও বার্তা থেকেও এ তথ্য জানা গেছে। নেটওয়ার্কটির নাম এনএসএনেট। এর মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। তবে এখন পর্যন্ত এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানিয়েছে।

গতকাল বিকেলে এক বিবৃতিতে এনএসএ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় তাদের কিছু ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। এতে অভ্যন্তরীণ কিছু ব্যবস্থা প্রভাবিত হলেও গুরুত্বপূর্ণ কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতাও অক্ষুণ্ন আছে। পরিকল্পিত রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে কার্যক্রম চালু রাখতে তাদের অবকাঠামোয় একাধিক স্তরের বিকল্প ব্যবস্থা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, নেটওয়ার্কটি সচল করার কাজ চলছে। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন গতকাল বলেন, সফটওয়্যারের বড় ধরনের কিছু দুর্বলতা সংশোধন করতে এনএসএর ব্যবস্থায় একটি প্যাচ প্রয়োগ করা হয়েছিল। এর পরই নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্যাচ প্রয়োগের পর দেখা যায়, প্রত্যাশা অনুযায়ী কিছু ব্যবস্থা চালু হচ্ছে না।

ক্লেটনের উল্লেখ করা দুর্বলতাগুলো পিএইচপি নামের একটি প্রোগ্রামিং ভাষার সঙ্গে সম্পর্কিত। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় এ ভাষা ব্যবহৃত হয়। গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুল ব্যবহার করে এসব দুর্বলতা শনাক্ত ও কাজে লাগানোর সুযোগ দেখিয়েছেন। ফলে গত কয়েক সপ্তাহে বিশ্বের বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান সফটওয়্যারের ত্রুটি সংশোধনে তৎপর হয়েছে।

পিএইচপির এসব দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে। এমনকি ওয়েবসাইটের মেমোরিতে থাকা পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও পড়তে পারে।

ক্লেটন বলেন, এনএসএর নেটওয়ার্কসহ সম্প্রতি বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায় যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলোর পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন প্রশাসনের একজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা জানান, এনএসএনেটে সমস্যা হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদে যোগাযোগের জন্য একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে।

এনএসএর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এনএসএনেট একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। এতে বেশ কিছু বিকল্প ব্যবস্থাও রয়েছে। তাই পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ার আশঙ্কা কম।

এদিকে গতকাল সকালে এনএসএর কর্মীদের জন্য প্রচারিত জরুরি অডিও বার্তায় পরিস্থিতিকে ‘কোড ইয়েলো’ হিসেবে উল্লেখ করা হয়। কর্মীদের দপ্তরে উপস্থিতি নিয়ন্ত্রণে সংস্থাটির তিন স্তরের সতর্কতাব্যবস্থা রয়েছে। ‘কোড ইয়েলো’ দ্বিতীয় সর্বোচ্চ স্তর। এতে জরুরি দায়িত্বে থাকা কর্মীদের নিয়মিত কাজে যোগ দিতে এবং অন্যদের পর্যায়ক্রমে দপ্তরে আসতে বলা হয়।

এরপর সন্ধ্যায় আরেকটি অডিও বার্তায় ‘কোড গ্রিন’ ঘোষণা করা হয়। এতে কর্মীদের নির্ধারিত সময় অনুযায়ী কাজে যোগ দিতে বলা হয়েছিল। তবে নেটওয়ার্কের সমস্যা তখন সমাধান হয়েছিল কি না, তা স্পষ্ট ছিল না। রাতে আবার সংকেত পরিবর্তন করে ‘কোড অরেঞ্জ’ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশির ভাগ কর্মীর জন্য এনএসএর দপ্তর বন্ধ রাখা হয়।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিডে এনএসএর সদর দপ্তরে কর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণে এসব সংকেত ব্যবহার করা হয়। নিউইয়র্ক টাইমস প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাটির নেটওয়ার্কে এ সমস্যা দেখা দিল, যখন দেশটির উড়োজাহাজ সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থায় একের পর এক বড় ধরনের ত্রুটি দেখা যাচ্ছে। গত শুক্রবার প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টা উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। এ ছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবায়ও বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *