বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর দাবি,ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান

November 17, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 32 বার পঠিত

চলমান মার্কিন সামরিক হামলা ও কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছে ইরান। মার্কিন নতুন গোয়েন্দা প্রতিবেদনে ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে তেহরান ‘ডার্টি বোম্ব’ বা রাসায়নিক বোমা বিস্ফোরণের পরিকল্পনা করলেও তা বাস্তবায়নে সক্ষম কি না কিংবা করার চেষ্টা করবে কি না, সেটি নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে বিতর্ক রয়েছে। অন্তত সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ এই গোয়েন্দা তথ্যের বিষয়ে অবগত একাধিক সূত্র সিএনএনকে বলেছে, এই পরিকল্পনা আসন্ন কোনো হামলার ইঙ্গিত দেওয়ার চেয়ে ইরানকে নিজেদের জন্য বিকল্প কিছু সুযোগ তৈরি করে দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা বা ষড়যন্ত্রের তথ্য পেয়েছে তা অত্যন্ত সুনির্দিষ্ট এবং এতে নির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তুর কথা উল্লেখ রয়েছে বলে দুই সূত্র জানিয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আকস্মিক জরুরি পরিকল্পনা গ্রহণের তোড়জোড় শুরু হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, যুক্তরাষ্ট্র যেকোনো এবং সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মূল ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

আমেরিকান কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে মারাত্মকভাবে সংঘাত বাড়িয়ে তোলার এক বিপজ্জনক ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই পরিকল্পনাকে দেশের জন্য ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন।

একাধিক সূত্র বলেছে, হামলার পক্ষে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন কোনো প্রমাণ না থাকলেও তেহরান বর্তমানে মার্কিন ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার জন্য সক্রিয়ভাবে পরিকল্পনা করছে। একটি সূত্র বলেছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের কাছে পর্যাপ্ত জনবল আসলেই প্রস্তুত রয়েছে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা মন্থর গতিতে চলছে। এর মাঝে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তবে নতুন এই হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য পর্দার আড়ালের তৎপরতা অস্থিতিশীল ও অনির্ধারিত সংঘাতের বাস্তব অবস্থাকেই ফুটিয়ে তুলছে। একই সঙ্গে ট্রাম্পের গত ফেব্রুয়ারিতে শুরু করা এই যুদ্ধের মাশুল যে কেবল তেলের দাম বৃদ্ধির মাধ্যমেই নয়, বরং আরও নানাভাবে আমেরিকানদের ঘরের দরজায় এসে পৌঁছাতে পারে, সেই ঝুঁকিকেও পরিষ্কার করছে।

দুটি সূত্র বলেছে, ইরানি হুমকি মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে কয়েকটি বৈঠক করেছেন। এই পরিকল্পনাকে একটি সূত্র ‘বিচক্ষণ’ বলে অভিহিত করেছে। ইরানের হুমকির কারণে সিক্রেট সার্ভিস গত সপ্তাহে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র; যার মধ্যে ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে—প্রেসিডেন্টের প্রথম প্রশাসন থেকেই চলে আসছে এবং মার্কিন কর্মকর্তারা যখন বিদেশে ভ্রমণ করতেন, তখনই তাদের হত্যার সুযোগ খোঁজার ওপর এটি বেশি কেন্দ্রীভূত ছিল।

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, অপ্রচলিত নয় এমন অস্ত্রের হামলার মুখে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত অরক্ষিত। ডার্টি বোম্ব সাধারণত প্রচলিত বোমার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি করা হয়। এই বোমা তৈরি করা তুলনামূলক সহজ। এক্ষেত্রে ইরানকে যে দেশটিতে প্রশিক্ষিত অপারেটর বা এজেন্টদের চোরাচালান করে ঢোকাতে হবেই, বিষয়টি এমন নয়; বরং তাদের কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ইতোমধ্যে বসবাসকারী এমন কাউকে হামলা চালানোর জন্য রাজি করাতে হবে।

একটি সূত্র বলেছে, মার্কিন গোয়েন্দারা এমন কিছু ইরানি কথোপকথন শনাক্ত করেছেন যেখানে বলা হয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই বোমা তৈরির উপকরণ মজুত করে রেখেছেন। যদিও এই গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা কতটুকু, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে তাদের বড় একটি অংশের ধারণা, বোমা তৈরিতে ব্যবহার করা যায়; এমন পারমাণবিক উপকরণ বা রাসায়নিক উপাদানগুলো ইরান আগেই ভেতরে এনে লুকিয়ে রেখেছে ; এমন হওয়া অত্যন্ত সহজ এবং এমনকি এটি করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

আরেকটি সূত্র বলেছে, গত দশ বছরের বেশিরভাগ সময় ধরে আমাদের সীমান্ত যেভাবে উন্মুক্ত ছিল, তাতে এজেন্টদের দেশের ভেতরে নিয়ে আসা এবং বোমা তৈরির উপাদান সংগ্রহ ও স্থাপন করা অত্যন্ত সহজ হতো। অপর একটি সূত্র বলেছে, অনেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ধরে নেন যে আগে থেকে স্থাপন করা পারমাণবিক উপকরণ হয়তো দশক না হলেও বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে রয়েছে।

দ্বিতীয় একটি সূত্র বলেছে, এই ধরনের হামলা চালানোর ইরানের সক্ষমতা বাড়েনি। যা পরিবর্তিত হয়েছে তা হলো ইরানের উৎসাহ বা উসকানি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিষয়টিকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টরের কার্যালয়ে পাঠিয়েছে। তবে তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের ইরানি মিশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ বলে মনে করে এবং এ বিষয়ে যে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়ানো হচ্ছে তা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। সম্ভাব্য ডার্টি বোম্ব পরিকল্পনা সংশ্লিষ্ট  গোয়েন্দা তথ্যের বিষয়ে ওই মুখপাত্র সুনির্দিষ্টভাবে কিছু বলেননি।

• নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত নয়, এটি ‘সন্ত্রাসের অস্ত্র’

ডার্টি বোম্ব পারমাণবিক বোমা থেকে অনেকটাই আলাদা। পারমাণবিক বোমা পারমাণবিক ফিশন বিক্রিয়ার ওপর নির্ভর করে এবং এর ধ্বংসক্ষমতা বহুগুণ বেশি হয়। ডার্টি বোম্ব কয়েক ব্লক, এমনকি মাইলজুড়েও বিপজ্জনক বায়ুবাহিত বিকিরণ ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এতে হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা বোমাটির বিস্ফোরণের কারণেই বেশি হয়, বিকিরণের কারণে নয়। সাধারণ যেকোনো বোমা তৈরির চেয়ে এগুলো তৈরি করা কঠিন না হলেও, এর জন্য তেজস্ক্রিয় উপাদান সংগ্রহ করাটাই সবচেয়ে কঠিন কাজ।

নতুন গোয়েন্দা তথ্যের বিষয়ে অবগত একটি সূত্র বলেছে, এই ধরনের যেকোনো অস্ত্রই হলো সন্ত্রাসের অস্ত্র, নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার অস্ত্র নয়। ঠিক যেমনটি করে থাকেন আত্মঘাতী বোমা হামলাকারীরা। এগুলো মানুষকে মারাত্মকভাবে অসুস্থ এবং নির্দিষ্ট কিছু এলাকা বসবাসের অযোগ্য করে তুলতে পারে।

যুক্তরাষ্ট্রের জন্য এর অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে পরিকল্পনাটি আগে থেকেই ধরে ফেলা। হোয়াইট হাউস এবং কংগ্রেসের মধ্যে ট্রাম্পের তৎকালীন ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টকে নিয়ে চলা বিরোধের জেরে গত জুনে বিদেশি নাগরিকদের যোগাযোগে নজরদারি করার সুযোগ দেওয়া একটি গুরুত্বপূর্ণ নজরদারি আইনের মেয়াদ শেষ হয়ে গেছে।

জুনের আগে অনুমোদিত সব নজরদারি আদেশ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বহাল রাখা হয়েছে। তবে কংগ্রেস যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করার অন্যতম কার্যকর হাতিয়ারটি হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর জয় ক্লেটন এবং সিআইএ ডিরেক্টর জন র‍্যাটক্লিফ এই আইনের মেয়াদ পুনরায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, বিলম্ব করলে ‘গ্যাং অফ এইট’কে যে উচ্চ সতর্কতামূলক হুমকি সম্পর্কে ব্রিফ করা হয়েছে, তাতে মূল ভূখণ্ডের আমেরিকান নাগরিক এবং বিদেশে মোতায়েন করা আমাদের সেনা; উভয়ের জীবনই ঝুঁকির মধ্যে পড়বে।

চার শীর্ষ নেতা এবং হাউস ও সিনেট ইন্টেলিজেন্স কমিটির দ্বিদলীয় নেতাদের নিয়ে গঠিত ‘গ্যাং অফ এইটের’ আইনপ্রণেতাদের এই চিঠি পাঠানোর কয়েক দিন আগেই ইরান সম্পর্কে ব্রিফ করা হয়েছিল। ওয়াশিংটনের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো ডার্টি বোম্ব বা রাসায়নিক বোমা হামলার হুমকির বিষয়টি ওই ব্রিফিংয়ে বিশেষভাবে তুলে ধরা হয়েছিল কি না, সেটি স্পষ্ট নয়।

দেশটির দুই কর্মকর্তা বলেছেন, মার্কিন কর্মকর্তারা অন্য একটি গোয়েন্দা তথ্যের গতিপ্রকৃতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যেখানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সৈন্যদের বিরুদ্ধে ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত মিলেছে। দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম এই আশঙ্কার কথা প্রকাশ করেছিল। বেশ কয়েকজন কর্মকর্তা দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এই ধরনের হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনাদের পর্যাপ্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম বা প্রশিক্ষণ নেই।

সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের বিষয়ে অবগত একটি সূত্র সিএনএনকে বলেছে, এসব আশঙ্কার কারণে একটি সমান্তরাল জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে; যার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে থাকা কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীরা যদি ইরানের রাসায়নিক অস্ত্র হামলার লক্ষ্যবস্তু হন, তাহলে তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ নিশ্চিত করা।

সূত্র: সিএনএন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *