বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা \ একশ শয্যার ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াবেটিক সমিতির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরের কাউতলীতে অবস্থিত ডায়াবেটিক সমিতির সামনে থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক।
সমিতির কোষাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবউল্লাহ, সদস্য ও প্রবীণ সাংবাদিক মোঃ আরজু মিয়া, চিফ মেডিকেল অফিসার ডা. মেহজাবিন মুনমুন, সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন এবং সহ-সভাপতি মাহমুদ হোসেন সরকার পাশা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবা সহজলভ্য করা জরুরি।
সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াবেটিস রোগীদের উন্নত ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একশ শয্যাবিশিষ্ট একটি আধুনিক ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। এ ধরনের হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী উপকৃত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
র্যালি ও আলোচনা সভায় সাংবাদিক, চিকিৎসক, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, কর্মচারি ও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন