জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে রাষ্ট্রদূত সঞ্চিতা হক। ১৩ থেকে ২২শে নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এসময় চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে মিশনের বাইরে থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, ১২ই নভেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক নোটে ভারপ্রাপ্ত প্রধানের বিষয়টি জানানো হয়। নোটে বলা হয়, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে মিশনের রাষ্ট্রদূত ও উপ-স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক পরিভাষায় এ দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ বলা হয়। অর্থাৎ, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকাকালে মিশনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। উল্লেখ্য,পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক সঞ্চিতা হক গত ৯ই জুলাই নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। সঞ্চিতা হক ২০০৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। পেশাদার এই কূটনীতিক এর আগে নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সঞ্চিতা হক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা মোল্লাবাড়ির কৃতি সন্তান। তার পিতা মৃত আনোয়ারুল হক। মাতা তাহমিনা খাতুন। সঞ্চিতার দাদা শামসুল হুদা ওরফে লাল মিয়া মুন্সি ব্রিটিশ-পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন।



মন্তব্য করুন