বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

November 13, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 47 বার পঠিত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র এবং তাদের বাণিজ্যিক জাহাজগুলো যদি ইরানি হামলার হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে ‘এই মুহূর্তেই’ ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

গতকাল মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্টের মিত্র এবং তাদের জাহাজগুলোকে হুমকির মধ্যে রেখেছে এবং এই হুমকির অবসানে শক্তি প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো দ্বিধা করবেন কি না।

জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “কোনো দ্বিধা নেই। যদিও আমরা বিষয়টি বেশ ভালোভাবে সামলাচ্ছি, তবে পরিস্থিতি যদি অন্য দিকে মোড় নেয়, সেক্ষেত্রে আমি অবশ্যই পদক্ষেপ নেবো—এমনকি এখন, এই মুহূর্তেই তা করতে পারি।”

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “গত পাঁচ মাসে আমাদের একজন সেনাও প্রাণ হারাননি। পারস্য উপসাগরের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে—পুরোপুরি নিয়ন্ত্রণ।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জানুয়ারি মাসে। সেই হিসেবে আরও ২৬ মাস ক্ষমতায় থাকছেন তিনি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের শাসনব্যবস্থা ভেঙে ফেলতে যদি ২৬ মাস সময়ও লাগে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখবে কি না।

জবাবে তিনি বলেন, “দেখুন, শাসনব্যবস্থাটি এমনিতেই ভেঙে পড়ছে। তাদের গণমাধ্যমে যা বলা হচ্ছে, তা বাস্তব পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ আলাদা।”

“সেখানে মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৩০১ শতাংশ। তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তারা সৈন্যদের বেতন দিতে পারছে না। তাদের সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে; নৌবাহিনী ও বিমানবাহিনী—সবই শেষ।”

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে  প্রশ্ন করা হয়েছিল, তিনি যখন দায়িত্ব থেকে সরে যাবেন, তখনও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় টিকে থাকে, তবে কি তা তাঁর প্রেসিডেন্সির জন্য পরাজয় হিসেবে গণ্য হবে?

প্রশ্নটি ছিল, “আপনি যখন দায়িত্ব ছাড়বেন, তখনও যদি ইরানের উন্মাদ শাসকরা ক্ষমতায় থাকে, তবে কি সেটি আপনার পরাজয় হবে? নাকি এমন কিছু যা তিন বছরে অর্জন করা সম্ভব নয়?”

“হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে”, উত্তরে বলেছেন ট্রাম্প।

ঘটনাচক্রে বৃহস্পতিবার সালেম নিউজে ট্রাম্প যখন এই সাক্ষাৎকার দিয়েছেন, তার কয়েক ঘণ্টার পরেই শুক্রবার ভোরের দিকে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবারের হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতের শিকার হয়েছে এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করা থেকে বিরত ছিল ইরান। শুক্রবারের হামলার মধ্যে দিয়ে দু’মাসের সেই ‘বিরতি’ ভেঙেছে আইআরজিসি।

সূত্র : আনাদোলু এজেন্সি

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *