স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট না করে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।
শুক্রবার সকাল ১০টায় গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা এনসিপি আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করব। এ জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এনসিপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।’
বিএনপির ক্ষমতায় থাকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় আছে। তবে এভাবে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। অতীতেও অনেকে গায়ের জোরে ক্ষমতায় থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। পাঁচ বছর ক্ষমতায় থাকতে হলে বিএনপিকে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একধরনের সমঝোতা রয়েছে। নির্বাচনের আগে ও পরের বিভিন্ন ঘটনায় তা দেখা যাচ্ছে। বিএনপির এই অবস্থান থেকে বেরিয়ে আসা উচিত।
এ প্রসঙ্গে জিয়াউর রহমানের সময়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেটি বিএনপির জন্য ভুল সিদ্ধান্ত ছিল। এর মাশুল দলটিকে দিতে হয়েছে। তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে থাকতে হয়েছে এবং খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে কাটাতে হয়েছে।
সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ ও সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাওয়ার কথা রয়েছে। সেখানে ঢাকায় সম্প্রতি শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শ্রমিক তৌফিক আহমেদের কবর জিয়ারত করবেন তারা। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।



মন্তব্য করুন