বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

২০ লাখ টাকার উদ্যোক্তা ঋণ নিয়ে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

November 6, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 3 বার পঠিত

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে, বাকি ১০ লাখ টাকা মিলবে অনুদান হিসেবে।

তবে এই কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে যে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এ অবস্থায়, উক্ত কর্মসূচির আওতায় ঋণ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অফিসিয়াল পেজ নেই।

এ ধরনের কোনো ভুয়া ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংক্রান্ত আইনসহ প্রযোজ্য অন্যান্য আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার এবং কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *