ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি: ৭০০ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ২০২৬-২০৩০ মেয়াদে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ
কর্মপরিকল্পনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭০০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে
১টি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য
ইঞ্জিঃ মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ
প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ দেশ গড়তে শুধু গাছের চারা রোপণ করলেই চলবে না, এর সঠিক
পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সঠিকভাবে গাছ লালন-পালন করলেই সরকার যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
হাতে নিয়েছে তার সফল বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশবাসী এর স্থায়ী সুফল পাবে।” তিনি চমৎকার এ
উদ্যোগের জন্য আয়োজক কর্তৃপক্ষ ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ
জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব
সিরাজুল ইসলাম সিরাজ এবং পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম। অনুষ্ঠানটির সার্বিক
ব্যবস্থাপনা ও আয়োজনে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) জনাব শরিফুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান
মোল্লা কচি, স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে
বৃক্ষরোপণ করেন।



মন্তব্য করুন