পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মপরিকল্পনার আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মপরিকল্পনার আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক শরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করেই থেমে থাকে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও এটি সরাসরি জড়িত। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা সফল করতে শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শহর ও গ্রাম সব জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় তিনি আরো বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের ওপর বাড়তি চাপের কারণে দিন দিন গাছপালা কমছে। তাই রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করাও জরুরি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবুসাইদ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
পরে কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৭০০ গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় আঙিনায় গাছ রোপণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগন।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন