বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

১২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

November 19, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 43 বার পঠিত

মাত্র ১২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে আরেকটি সাফল্য পেতে পারতো বাংলাদেশ। এবাদতের দারুণ ডেলিভারি এইডেন মার্করামের স্টাম্প ভেঙে দিয়েছিল। কিন্তু ‘নো’ বল হওয়ায় সে যাত্রায় বেঁচে যান প্রোটিয়া ওপেনার। এরপর আর কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।

১ দশমিক ৩ ওভারেই এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। ৯ বলে এক ছক্কার মারে ৮ রানে অপরাজিত থাকলেন মার্করাম। জোহানেসবার্গ টেস্ট শেষ হয়ে গেল পঞ্চম দিনের প্রথম সেশনেই। সেই সঙ্গে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টেম্বা বাভুমারা।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় নিজেদের দ্বিতীয় ইনিংসে বেশিদূর এগোতে পারেনি সফরকারী বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানে থেমেছে টাইগাররা। দলের হয়ে ব্যক্তিগত পঞ্চাশও ছুঁতে পারেননি কোনো ব্যাটার। সর্বোচ্চ ৩৯ রান এসেছে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসের ব্যাট থেকে।

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনেই গতকাল বাংলাদেশের জন্য ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে গিয়েছিল। জেতার কোনো আশা নেই, হয় অসহায় আত্মসমর্পণ নয়তো পঞ্চম দিনটা ব্যাটিং করে কোনো মতে ম্যাচটা বাঁচানো। শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস হার এড়াতে পারলেও ন্যূনতম লড়াইও করতে পারেনি।

দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ সকালের প্রথম সেশনে আরও এক উইকেট হারিয়ে কোনো মতে লিড নেয় বাংলাদেশ। তবে এরপর কেবল ব্যাটারদের উইকেট ছুড়ে আসার প্রতিযোগিতা যেন। দলের শেষ ভরসা ছিল লিটন ও মুশফিকের জুটি। রাবাদার বলে লিটন বোল্ড হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। সাইমন হার্মারের বল কিছুটা আগ বাড়িয়ে এসে খেলতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। গ্লাভস-প‍্যাডে লেগে ক্যাচ উঠে শর্ট লেগে। আম্পায়ার প্রথম দফা আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে।

মুশফিকের বিদায়ের পর আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। প্রশ্নবিদ্ধভাবে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। দলের যে মুহূর্তে তার টিকে থাকাটাই ছিল বেশি প্রয়োজন, সে মুহূর্তে বেরিয়ে এসে বড় শর্ট খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন।

দলের শেষ চার উইকেট পড়েছে মাত্র ৮ রানের ব্যবধানে। ৫১ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার হার্মার। এ ছাড়া রাবাদা নিয়েছেন ৩টি উইকেট। আগের ইনিংসে ফাইফার পেয়েছিলেন তিনি।

এর আগে জোহানেসবার্গে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে রেকর্ড ৪০০ রান করেছিল বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছিল ৫৫৭ রানে। ওপেনার মার্কাস অ্যাকারম্যান ক্যারিয়ারসেরা ১৫৭ রান করেন। এ ছাড়া ১৬৫ বলে ১৩টি বাউন্ডারিতে ১০২ রান করেন রিকেলটন।

প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বোলাররা চাপ অব্যাহত রাখেন। প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়ে যায়। একশ হওয়ার আগেই পাঁচ উইকেট হারায় তারা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচ শেষ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *