বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন শুরু

November 13, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 37 বার পঠিত

অদ্ভুত এক বেদনাহত অনুভূতির মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। গত ২১ বছরের মধ্যে এই প্রথম লিওনেল মেসিকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন তারা। অতীতেও তারা মেসিকে ছাড়া খেলেছেন। তবে সেসব ম্যাচে তিনি চোট বা নিষেধাজ্ঞার কারণে ছিলেন না। কিন্তু এবারের অনুপস্থিতিটা সাময়িক নয়, পাকাপাকিভাবে জাতীয় দলের জার্সিটা খুলে রেখেছেন ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। তিনি বিদায় নেওয়ার পর প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সের বোমবোনেরা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

মেসির না থাকাটা সবচেয়ে বেশি পোড়াচ্ছে তাঁর জাতীয় দলের সতীর্থদের। আলেক্সিস ম্যাক-এলিস্টারের তো এটি বিশ্বাসই হচ্ছে না। লিভারপুলের এই মিডফিল্ডার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ‘ব্যাপারটা অদ্ভুত লাগবে। আসলে আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছি না যে লিও আর আমাদের সঙ্গে থাকবে না। আমাদের মনের একটা অংশ এখনও চায়, সে আমাদের সঙ্গে থাকুক। তবে আমরা পরিস্থিতিটা বুঝি। আমরা এটাও বুঝি যে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। সেটা আমাদের ভালোভাবে মোকাবিলা করতে হবে।’

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা কার গায়ে উঠবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচ থেকে আরও একটি কাজ শুরু করতে হবে কোচ স্কালোনিকে। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের দল গঠনের কাজটা আজ থেকেই শুরু করে দেবেন কোচ। এই ক্ষেত্রে কোচের সামনে আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেসির শূন্যস্থান পূরণ। তাঁর হাতে দুটি বিকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নিকো পাজ; জিয়ানলুকা পেস্ত্রিয়ানিও বেশ সম্ভাবনাময়। গত বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনা তিনটি প্রীতিম্যাচ খেলেছে। সেগুলো হলো বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচটি। এই তিন ম্যাচে ১৪ গোল দিয়েছেন তারা, একটি গোলও হজম করেনি। তার পরও মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগ কেমন করে, সেদিকেই সবার নজর।

দুবার বিশ্বকাপজয়ী উরুগুয়ের অবস্থা অবশ্য বেশ খারাপ। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে শূন্য হাতে বিদায় নিতে হয়েছে তাদের। লজ্জার সেই বিদায়ের পর কোচ মার্সেলো বিয়েলসাকে বিদায় করে দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়াগো ফোরলানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩-১ গোলে জাপানের কাছে হেরে যাত্রা শুরু করেছেন ফোরলান। এরপর অবশ্য দক্ষিণ কোরিয়া ও ভারতের বিপক্ষে জিতেছে তারা। তবে পুরোনো শত্রু আর্জেন্টিনার বিপক্ষে ভালো করার ব্যাপারে ভীষণ প্রত্যয়ী তারা।

ম্যানইউর সাবেক মিডফিল্ডার ফোরলান আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি নিয়ে বলেন, ‘প্রীতিম্যাচ হলেও তাদের সঙ্গে আমাদের শত্রুতার ইতিহাস বেশ পুরোনো। আশা করছি, জমজমাট একটি লড়াই হবে। এই ধরনের ম্যাচে বেশ স্নায়ুর চাপ থাকে। কারণ সবাই সম্মান রক্ষার জন্য মরিয়া হয়ে মাঠে নামেন।’ মেসির অনুপস্থিতিটা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় উরুগুয়ে। এ দুই দল এখন পর্যন্ত ১৯৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা ৯১ ও উরুগুয়ে ৫৮টি ম্যাচ জিতেছে; ৪৫ ম্যাচ ড্র হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *