বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে লাল চুনি? নাসার রোভারের পাঠানো তথ্যে উঠে এল অজানা ইতিহাস

November 13, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 30 বার পঠিত

মঙ্গলের শিলায় একটি লালচে দ্যুতি বা আলোকচ্ছটা শনাক্ত করেছে রোভার। বিজ্ঞানীরা মনে করছেন, ক্রোমিয়াম যুক্ত কোরান্ডাম খনিজের উপস্থিতিতে ওই লালচে আলো তৈরি হয়। তাতেই রয়েছে রহস্য।

মঙ্গলের লাল ধুলোর চাদরের নীচে কি লুকিয়ে রয়েছে ছোট ছোট চুনি (রুবি)? নাসার পারসিভারেন্স রোভার সম্প্রতি যে গবেষণা করেছে, তাতে সে রকমই ইঙ্গিত মিলেছে। তবে বিজ্ঞানীরা আসলে সেই চুনিকে দিয়েই খুঁজতে চাইছেন লাল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস।

মঙ্গলের শিলা বিশ্লেষণ করেছে রোভার। এক্সরে ফ্লুওরেসেন্স, রামন প্রক্রিয়ার মাধ্যমে চলেছে পরীক্ষানিরীক্ষা। মঙ্গলের শিলায় একটি লালচে দ্যুতি বা আলোকচ্ছটা শনাক্ত করেছে রোভার। বিজ্ঞানীরা মনে করছেন, ক্রোমিয়াম যুক্ত কোরান্ডাম খনিজের উপস্থিতিতে ওই লালচে আলো তৈরি হয়। ওই খনিজ গোত্রের মধ্যেই পড়ে চুনি।

লালগ্রহ নিয়ে পরীক্ষানিরীক্ষার জন্য নাসা পাঠিয়েছে পারসিভারেন্স রোভার। তাতে রয়েছে সুপারক্যাম। মঙ্গলের শিলার রাসায়নিক এবং খনিজ উপাদান পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে সেই প্রযুক্তি। লেজ়ার এবং স্পেক্টোস্কোপিক প্রযুক্তি প্রয়োগ করে কাজ করে সুপারক্যাম। সেই যন্ত্রই একটি হালকা রঙের শিলা বিশ্লেষণ করার সময় ৬৯২.৭ এবং ৬৯৪.১ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকচ্ছটার শীর্ষে সূক্ষ্ম বিন্দু লক্ষ করেছিল।

কোরান্ডামের স্ফটিক কাঠামোর ভিতরে যে ক্রোমিয়াম পরমাণু থাকে, তার সঙ্গে যোগ রয়েছে ওই বিকিরণের। পৃথিবীতে ক্রোমিয়ামযুক্ত কোরান্ডামকে চুনি বলে। সেই লাল রঙের চুনি ব্যবহার করা হয় গয়নাগাটিতে। রোভারের সুপারক্যাম যে ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোকচ্ছটা বিশ্লেষণ করতে সক্ষম হয়, তাতেই নাসার বিজ্ঞানীরা পরমাণু থেকে নির্গত লাল দ্যুতির বিষয়ে জানতে পেরেছেন। খনিজটি আসলে কী, তারও একটি ধারণা করতে পেরেছেন।

অ্যান ওল্লিলার নেতৃত্বাধীন গবেষক দলের সেই গবেষণা প্রকাশিত হয়েছে ‘জিওফিজ়িক্যাল রিসার্চ লেটার্স’-এ। তাঁরা একটি বিষয় স্পষ্ট জানিয়েছেন, মঙ্গলের মাটিতে চুনি আবিষ্কার করেনি রোভার। এমনটা ভাবলে চলবে না যে, মঙ্গলের ধুলোর চাদরে পড়ে রয়েছে রাশি রাশি চুনির কেলাস। তুলে এনে গয়নার বসালেই চলবে! রোভার সেখানে কোরান্ডাম স্ফটিক আবিষ্কার করেছে, যা মূলত মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে।

কোরান্ডাম শিলার রূপান্তরের ফল। অথচ, পৃথিবীর মতো মঙ্গলের ভূগর্ভে পাতের সঞ্চালন ঘটে না। প্লেট টেকটনিক ব্যবস্থা সেখানে নেই, যা রূপান্তরের মতো ভূতাত্ত্বিক প্রক্রিয়া চালিত করে। প্রশ্ন ওঠে, তা হলে কী ভাবে রূপান্তর ঘটল মঙ্গলে? বিজ্ঞানীদের একাংশ মনে করেন, সেখানে উল্কা বা গ্রহাণু আছড়ে পড়তে পারে। শক্তিশালী উল্কার আঘাতে প্রচণ্ড তাপ তৈরি হয়। তার প্রভাবেই শিলাগুলির রূপান্তর ঘটে থাকতে পারে।

মঙ্গলের জেজ়েরো গহ্বরের কাছে সেই চিহ্নই খুঁজে বেড়াচ্ছে রোভারটি। বিজ্ঞানীদের মতে, সেখানে মিলতে পারে মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস। তাঁদের গবেষণার উদ্দেশ্য চুনি খোঁজা নয়। বরং সেই চুনি কী ভাবে, কোন প্রক্রিয়া মঙ্গলের বুকে তৈরি হতে পারে, তা খোঁজা। সেই উত্তর পেলেই জানা যাবে মঙ্গলের সৃষ্টি, কোটি কোটি বছর ধরে তার বিবর্তন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *