নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে নানা কর্মসূচি পালিত হয়েছে।
৭ নভেম্বর রোজ শনিবার দিবসটি উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এম এ হান্নান।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং এর তাৎপর্য তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল দেশাত্মবোধক সংগীত পরিবেশন, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।
এ ছাড়া উপজেলা বিএনপি অঙ্গ-ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ হান্নান।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, যুবদলের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে দিবসটির শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান।



মন্তব্য করুন