নাসিরনগরের বাঘী গ্রামে ডোবায় অজ্ঞাত লাশ উদ্বার আতঙ্কে গ্রামবাসী।

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রাম এখন আতঙ্কের নাম। ৭ নভেম্ভর রোজ শনিবার দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পুরো গ্রামে চাপা আতঙ্ক আর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,কে সেই ব্যক্তি? কীভাবে এলো এই ডোবায়?
শনিবার দুপুর সাড়ে ১২ঘটিকার সময় লাশটি উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার উপ-পুলিশ পরিদর্শক জাহান ই আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।শনিবার দুপুরে বাঘী গ্রামের মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষক ডোবার পানিতে কিছু একটা ভাসতে দেখে।প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে দেখেন,মানুষের অর্ধগলিত লাশ। মুহূর্তেই আতঙ্কে শিউরে ওঠেন তিনি। চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। পরে স্থানীয়রা নাসিরনগর থানায় খবর দেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।পুলিশ জানায়, উদ্ধারের সময় লাশটি প্রায় পঁচে গিয়েছিল। দেখে মনে হয়েছে, বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন অংশ আলাদা হয়ে যাওয়ায় মাথা ও হাড় একত্রিত করে বস্তাবন্দি করে থানায় নেওয়া হয়েছে।
লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তির বয়স, পরিচয় ও মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।
এদিকে, দিন-দুপুরে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘী গ্রামসহ আশপাশের ভলাকুট, চাতলপাড়সহ বিভিন্ন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকেই নিজেদের নিখোঁজ স্বজনের কথা মনে করে উদ্বিগ্ন হয়ে পড়েন।
স্থানীয়রা বলছেন, কে বা কারা, কখন এই লাশটি ডোবায় ফেলে গেছে, তা এখনো কেউ বলতে পারছেন না। এটি হত্যা নাকি দুর্ঘটনা, নাকি অন্য কোথাও মারা যাওয়ার পর লাশ এনে এখানে ফেলা হয়েছে,তা নিয়েও চলছে নানা আলোচনা।
এ বিষয়ে নাসিরনগর থানার এস আই জাহান ই আলম বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ। পুলিশ বলছে, পরিচয় শনাক্ত হলে ঘটনার আসল রহস্য উদঘাটন করা সহজ হবে। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত লাশের পরিচয় শনাক্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হোক।



মন্তব্য করুন