এমপি শ্যামলের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষাকেন্দ্র স্থানান্তর, স্বস্তিতে শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের ২০২৪ সালের এলএলবি (শেষ পর্ব) পরীক্ষার কেন্দ্র কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে প্রথম পর্বের পরীক্ষাকেন্দ্রও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বহাল রাখা হয়েছে। এতে দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে পরীক্ষা দিতে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের অবসান হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের উদ্যোগ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের বিষয়টি সুরাহা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের প্রথম পর্ব ও শেষ পর্বের পরীক্ষাকেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজে নির্ধারণ করা হয়েছিল। এতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে কুমিল্লায় গিয়ে পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে হচ্ছিল। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, থাকা-খাওয়া এবং অতিরিক্ত ব্যয় নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের সমন্বয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তরের দাবি জানান। শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনায় নিয়ে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরীক্ষাকেন্দ্র-সংক্রান্ত নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নাম উল্লেখ করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা নিজ জেলাতেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
শিক্ষার্থীদের মতে, পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল থাকায় যাতায়াতের ভোগান্তি ও অতিরিক্ত আর্থিক ব্যয় কমবে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
শিক্ষার্থীদের এই দাবি বাস্তবায়নে ভূমিকা রাখায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।



মন্তব্য করুন