ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ও ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৩ জনই কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশু সন্তান আশরাফুল (৫)।
এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনের মৃত্যু হয়।
