স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত পৃথক তিনটি মিছিল করেছে ছাত্রদল। একটি মোটর সাইকেল মিছিল থানায় গিয়ে বিক্ষোভ করে।
এর আগে মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের মেড্ডা এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।
জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনূর রহমান জানান, ছাত্রলীগের কিছু টোকাই মিছিল করেছে বলে শুনেছেন। এর প্রতিবাদে তারাও বিক্ষোভ করছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে বলেছেন।
মঙ্গলবার সকালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরে মঙ্গলবার বিকেল থেকে জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ও ছাত্রদল নেতা মোকারম হোসেন আদিসহ কয়েকজনের নেতৃত্বে শহরে তিনটি মিছিল বের হয়। পরে একটি মিছিল থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। জেলা ছাত্রদলের সাবেক নেতা শাহাদাৎ হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করায় ক্ষোভের সঞ্চার হয়। এর প্রতিবাদে তারা একাধিক মিছিল করেছে।
