বিজয়নগরে ‘মাদক ব্যবসায়ীর’ বাড়িতে হামলা- ভাংচুর

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গার শান্তামুড়ার বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে জহির মিয়ার বাড়িতে হামলা চালান এলাকাবাসী। তাদের অভিযোগ, ওই বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে।
খাটিঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ সরল খান বলেন, মাদক ব্যবসায়ি জহিরের কারনে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। তার কারনে মাদক সহজলভ্যতার কারণে এলাকার অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছিল। বিভিন্নভাবে চেষ্টা করেও তাকে থামানো যাচ্ছেনা।
তিনি বলেন, মাদক বিক্রি নিয়ে প্রতিবাদ করায় গত দুইদিন আগে জহির দুইজনকে দা দিয়ে কোপ দেয়, এতে একজনের হাতে ১৫টি সেলাই লেগেছে। তিনি বলেন, এই জহিরের নামে একাধিক মাদক মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনা।শুক্রবার সকালে আমরা শতাধিক মানুষ একত্রিত হয়ে জহিরের বাড়িতে হামলা ও ভাংচুর করি। ঘটনার পর থেকে জহির মিয়া আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, আমি এখানে নতুন এসেছি। আমি ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যার বাড়িঘরে হামলা হয়েছে তার সকল তথ্য নিয়ে জানতে পেরেছি তার নামে মোট ৮টি মামলা রয়েছে এর মধ্যে মাদক মামলা ৬টি ও মারামারির ঘটনায় ২টি। তিনি বলেন, আইন হাতে তুলে নেয়ার মতো এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনিসংকেত। মাদক ব্যবসায়ী থাকলে জনগণ তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারেন। এছাড়া এই জহিরের সকল মামলা নিয়ে পুলিশ কাজ শুরু করে দিয়েছে বলেও তিনি জানান।



মন্তব্য করুন