পাকিস্তানের আকাশসীমার জটিলতা কাটল, আজ আসছে রূপপুরের ইউরেনিয়াম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আজ দেশে আসছে। বিশেষ কার্গো উড়োজাহাজে ইউরেনিয়াম দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়ামবাহী কার্গোটি দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করা হয়। পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনা হবে।
আগামী ডিসেম্বরের মধ্যে পুরো ইউরেনিয়াম সরবরাহ শেষ করার কথা রয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।


মন্তব্য করুন