গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার মদের গুদাম সিলগালা

অনুমোদিত সীমার বাইরে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি গুদাম সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে। এ সময় ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি গুদামে পণ্য মজুত করেছে। এর মধ্যে অনুমোদিত গুদামের বাইরে আরও দুটি অননুমোদিত গুদামে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
এনবিআর জানায়, অননুমোদিত গুদামে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকাতে চারটি গুদামই সিলগালা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থেও এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই চলছে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।



মন্তব্য করুন