আধুনিক অবকাঠামোর অভাবে হুমকিতে লালপুরের শতবর্ষী শুঁটকি শিল্প-বর্ষায় নষ্ট হয় বিপুল পরিমাণ শুঁটকি

মীর মিজানুর রহমান :
মেঘনার পাড়ে সারি সারি বাঁশের মাচা। কোথাও মাছ পরিষ্কার করছেন শ্রমিকেরা, কোথাও রোদে শুকানো হচ্ছে মাছ। আবার কোথাও মাটির মটকায় সংরক্ষণ করা হচ্ছে শুকনো মাছ। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে গড়ে উঠেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী শুঁটকি উৎপাদনকেন্দ্র। এখানকার শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। বছরে প্রায় শত কোটি টাকার শুঁটকি বেচাকেনার এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত পাঁচ শতাধিক নারী-পুরুষ। অথচ আধুনিক অবকাঠামো ও সংরক্ষণব্যবস্থার অভাবে সম্ভাবনাময় এ শিল্প এখন নানা সংকটে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টি ও আর্দ্রতার কারণে বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, শতবর্ষী এ শিল্পকে টিকিয়ে রাখতে লালপুরে সরকারি উদ্যোগে আধুনিক শুঁটকি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সোলার টানেল ড্রায়ার এবং তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত বিশেষায়িত হিমাগার বা কোল্ড স্টোরেজ নির্মাণ জরুরি। পাশাপাশি স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে সরকারি জমি বরাদ্দ এবং মহাজনি চড়া সুদের ঋণের বিকল্প হিসেবে সহজ শর্তে স্বল্প সুদে বিশেষ এসএমই ঋণ চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লালপুরে শুঁটকি তৈরির কাজ মূলত শীত মৌসুমে বেশি চলে। মেঘনা নদী, হাওর ও বিভিন্ন জলাশয় থেকে সংগ্রহ করা মাছ প্রথমে বাছাই ও পরিষ্কার করা হয়। মাছের ধরন অনুযায়ী নাড়িভুঁড়ি ফেলে দেওয়া, কাটা কিংবা চিরে নেওয়ার পর বাঁশের তৈরি উঁচু মাচায়, স্থানীয়ভাবে পরিচিত ডাঙ্গিতে বিছিয়ে রোদে শুকানো হয়। মাছের আকার ও প্রজাতিভেদে শুকানোর সময়ও ভিন্ন হয়। তবে পুরো প্রক্রিয়াটিই এখনো অনেকাংশে প্রাকৃতিক রোদ ও খোলা পরিবেশের ওপর নির্ভরশীল। ফলে বৃষ্টি, কুয়াশা ও অতিরিক্ত আর্দ্রতায় উৎপাদন ও সংরক্ষণব্যবস্থা ব্যাহত হয়।
এখানে সাধারণ শুঁটকির পাশাপাশি তৈরি হয় ঐতিহ্যবাহী চ্যাপা বা মটকা শুঁটকি। বিশেষ করে পুঁটি মাছ শুকিয়ে মাটির মটকায় ভরে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়। প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়ায় তৈরি এ শুঁটকির স্বাদ ও ঘ্রাণ সাধারণ শুঁটকি থেকে আলাদা। দেশীয় বাজারে এর চাহিদাও রয়েছে।
লালপুরে দেশি ও সামুদ্রিক মিলিয়ে প্রায় ১৬ থেকে ১৮ প্রজাতির মাছের শুঁটকি তৈরি হয়। এর মধ্যে পুঁটি, মলা, টেংরা, বাঁশপাতি, চিংড়ি ও চ্যাপা শুঁটকির চাহিদা বেশি। এসব শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশেও রপ্তানি করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, বছরে প্রায় শত কোটি টাকার শুঁটকি সরবরাহ হয় এ পল্লী থেকে।

শুঁটকি ব্যবসায়ী ও আড়তদার নিখিল চন্দ্র দাস বলেন, এখানকার শুঁটকির চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও রয়েছে। তবে ব্যবসা পরিচালনায় পুঁজির সংকট বড় বাধা। সরকারি পৃষ্ঠপোষকতা ও স্বল্প সুদে জামানতবিহীন ঋণ পাওয়া গেলে ব্যবসায়ীরা উৎপাদন ও সরবরাহ আরও বাড়াতে পারবেন।
ব্যবসায়ীদের মতে, শুধু উৎপাদন বাড়ালেই এ শিল্পের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। শুঁটকির গুণগত মান বজায় রাখা, নিরাপদভাবে প্রক্রিয়াজাত করা এবং দীর্ঘ সময় সংরক্ষণের উপযোগী ব্যবস্থা গড়ে তোলাও জরুরি। খোলা আকাশের নিচে সনাতন পদ্ধতিতে মাছ শুকানোর কারণে ধুলাবালি, বৃষ্টি ও অন্যান্য পরিবেশগত ঝুঁকি থাকে। আধুনিক সোলার টানেল ড্রায়ার স্থাপন করা গেলে আবহাওয়ার ওপর নির্ভরশীলতা কমবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে শুঁটকি উৎপাদন সম্ভব হবে। অন্যদিকে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত কোল্ড স্টোরেজ নির্মিত হলে মৌসুমে উৎপাদিত শুঁটকি সংরক্ষণ করে সারা বছর বাজারজাত করা যাবে।
বর্তমানে পুঁজি সংকটের কারণে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে অর্থ নিয়ে ব্যবসা পরিচালনা করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি লাভের বড় অংশ সুদ পরিশোধে চলে যায়। এ অবস্থা থেকে উত্তরণে সহজ শর্তে স্বল্প সুদে বিশেষ এসএমই ঋণ, জামানতবিহীন ঋণসুবিধা এবং স্থায়ী উৎপাদন ও সংরক্ষণ অবকাঠামোর জন্য সরকারি জমি বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।

আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান জানান, গত বছরের তুলনায় চলতি বছর শুঁটকি উৎপাদন কিছুটা কম হতে পারে। ব্যাংকঋণের বিষয়ে ব্যবসায়ীদের একাংশ সহযোগিতা নিতে আগ্রহী হলেও অন্য একটি অংশ নিরুৎসাহিত করছেন। এ কারণে ঋণের বিষয়ে উদ্যোগটি তেমন এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
সংশ্লিষ্টদের মতে, মেঘনার মাছ, স্থানীয় মানুষের শ্রম ও প্রজন্মের পর প্রজন্মের অভিজ্ঞতায় গড়ে ওঠা লালপুরের শুঁটকি শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি এ অঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও ঐতিহ্যের অংশ। পরিকল্পিত সরকারি উদ্যোগে আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সোলার টানেল ড্রায়ার, কোল্ড স্টোরেজ ও সহজ ঋণসুবিধা নিশ্চিত করা গেলে এ শিল্পের উৎপাদন ও রপ্তানি সম্ভাবনা বাড়ার পাশাপাশি নিরাপদ শুঁটকি সরবরাহেও নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।



মন্তব্য করুন