ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ক্লাস্টার বোমার ওয়ারহেডের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সামরিক বাহিনীকে দূরপাল্লার ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারে পারদর্শী করার লক্ষ্যে চলমান মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
শনিবারের এই পরীক্ষার কয়েকদিন আগে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া অ্যাটাক ড্রোন, নতুন নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম টর্পেডো এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ একাধিক অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালায়।
দুই কোরিয়ার মধ্যকার অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা সদস্য আহত হওয়ার পর ওই অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
তবে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে নিজেদের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং সীমান্তে লাউডস্পিকারের মাধ্যমে পাল্টা প্রচার শুরু করার অঙ্গীকার করেছে পিয়ংইয়ং।
রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের উপযোগী গুচ্ছ বোমার ওয়ারহেডের যুদ্ধের উপযোগিতা এবং এর বাস্তব ক্ষমতা মূল্যায়নের উদ্দেশ্যে শনিবার ওই পরীক্ষা চালানো হয়েছে।’’
দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পরীক্ষা শেষে অস্ত্রটি ‘তার সর্বোচ্চ ঘনত্বের শক্তি দিয়ে ১২ থেকে ১৩ হেক্টরের একটি পুরো লক্ষ্যবস্তুকে এক নিমিষেই ছাইয়ে পরিণত করতে সক্ষম’ বলে নিশ্চিত হওয়া গেছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক বলেছেন, ‘‘চলতি বছরের মধ্যেই আমাদের সামরিক ইউনিটগুলোকে অভিযানের উদ্দেশ্য এবং লক্ষ্যবস্তুর ধরণ অনুযায়ী এসব অস্ত্রের উপযুক্ত সংস্করণ বাছাই ও ব্যবহার করার ক্ষমতা দেওয়া হবে।’’
কেসিএনএর প্রকাশ করা ছবিতে দেখা যায়, একটি মোবাইল লঞ্চার থেকে কমলা রঙের আগুনের শিখা ছড়াতে ছড়াতে ক্ষেপণাস্ত্র ওপরের দিকে ছুটে যাচ্ছে। অন্য এক ছবিতে দেখা যায়, একটি দ্বীপাঞ্চলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একসঙ্গে একাধিক গুচ্ছ বোমা আঘাত হানছে।
শনিবারের এই মহড়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না। তবে এর আগে গত এপ্রিলে নিজের মেয়ে জু আয়েকে সঙ্গে নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যুক্ত গুচ্ছ বোমার একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণ করেছিলেন তিনি।
সূত্র: এএফপি।



মন্তব্য করুন