বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন

October 27, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 20 বার পঠিত

ইংল্যান্ডের হ্যারি কেইনের হাতে উঠেছে ২০২৬ সালের ব্যালন ডি’অর। বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে টানা গোল করে ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েছেন এই স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোলের পাশাপাশি দলীয় সাফল্যও তাকে এনে দিয়েছে ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি।

কেইনের ব্যালন ডি’অর জয়ের পথে বিশেষ ভূমিকা রেখেছে তিনটি পারফরম্যান্স—বিশ্বকাপে জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগের রেকর্ডগড়া ম্যাচ এবং জার্মান কাপের ফাইনালে হ্যাটট্রিক।

বিশ্বকাপে জোড়া গোলে ইংল্যান্ডের জয়ে ভূমিকা

বিশ্বকাপে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে ৭৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে হেডে সমতা ফেরান কেইন। ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন তিনি। তার দুই গোলে শেষ ষোলোতে ওঠার পথ সুগম হয় ইংল্যান্ডের। পরে মেক্সিকোর বিপক্ষে নকআউট ম্যাচেও গোল করেন কেইন।

চ্যাম্পিয়নস লিগে রেকর্ড

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৫-৪ গোলে হেরেছিল বায়ার্ন। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি লুইস দিয়াজকে নিখুঁত পাসে গোলের সুযোগ তৈরি করে দেন কেইন। ম্যাচ হারলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। চ্যাম্পিয়নস লিগে টানা ছয় ম্যাচে গোল করে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে নতুন রেকর্ডও গড়েন তিনি। এর আগে টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ড ছিল স্টিভেন জেরার্ডের।

জার্মান কাপের ফাইনালে হ্যাটট্রিক

বায়ার্নের হয়ে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন কেইন। ৫৫ মিনিটে মাইকেল অলিসের ক্রস থেকে হেডে প্রথম গোল করেন। ৮০ মিনিটের কাছাকাছি সময়ে বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ অধিনায়ক। এই জয়ে বুন্দেসলিগার শিরোপার পর জার্মান কাপও জেতে বায়ার্ন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *