বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পূজার ছুটিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানে ছুটছেন পর্যটকরা

October 18, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 15 বার পঠিত

দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানের রুমায় ছুটে আসছেন পর্যটকরা। পাহাড়, মেঘ, সবুজ বন আর আঁকাবাঁকা পাহাড়ি পথের টানে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন পর্যটন স্পট। এতে স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহনকর্মীদের মধ্যেও বাড়তি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

প্রকৃতির অনন্য সৌন্দর্যে ঘেরা রুমা দীর্ঘদিন ধরেই ভ্রমণপিপাসু মানুষের কাছে আকর্ষণীয় একটি গন্তব্য। পাহাড়ঘেরা নীল জলরাশির বগালেক, দেশের অন্যতম আকর্ষণীয় পাহাড়চূড়া কেওক্রাডং, পাহাড়ের বুক চিরে বয়ে চলা রিজুক ঝর্ণা আর ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ মুনলাই পাড়া—প্রতিটি স্থানেই রয়েছে ভিন্ন রকম সৌন্দর্য ও অভিজ্ঞতা। আর এখন সুংসাং পাড়া ভ্রমণ পিপাসুদের ভ্রমণযাত্রার নতুন গন্তব্য। দুর্গাপূজার ছুটিতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসছেন। পাহাড়ের উঁচু-নিচু পথ, মেঘে ঢাকা পাহাড়ের সারি এবং শান্ত প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করছে।

পর্যটকদের আগমনকে ঘিরে স্থানীয় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, জিপচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততাও বেড়েছে। পর্যটকদের কেন্দ্র করে স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগ তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপদ ও পরিকল্পিত পর্যটনব্যবস্থা নিশ্চিত করা গেলে রুমার পর্যটন খাত স্থানীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এদিকে দুর্গাপূজার ছুটিতে রুমায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে পাহাড়ি এই জনপদে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, অনুমোদিত পর্যটন রুট ব্যবহার এবং সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা জরুরি। একই সঙ্গে তিনি পাহাড়ের পরিবেশ, বন ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পর্যটকদের সচেতন থাকা এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রুমার ট্যুর গাইড রাহাত উল্লাহ বলেন, পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থানে নির্বিঘ্নে ভ্রমণ করাতে গাইডরা কাজ করে যাচ্ছেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, দুর্গাপূজার ছুটিতে রুমায় পর্যটকদের আগমন স্থানীয় পর্যটন খাতের জন্য ইতিবাচক। পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *