রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আরও বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। হামলার পর বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই ও পুনরায় ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিমানবন্দরটি কবে খুলবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কো নো সময় জানানো হয়নি।
সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাইয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
এ কারণে কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইউরোনিউজের এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপির বরাতে বলা হয়েছে, বিমানবন্দরের রাডার ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট বিমান চলাচল খাতের সূত্র জানিয়েছে।
ফ্লাইট পুনরায় চালুর আগে এসব সরঞ্জাম পরীক্ষা করার পাশাপাশি রানওয়ের নিরাপত্তাও যাচাই করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
সৌদি আরবজুড়ে ফ্লাইট বিপর্যয়
রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সৌদি আরবের আকাশপথে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রিয়াদ বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হওয়ার আশঙ্কা ছিল। এর আগের দিন রোববার বিমানবন্দরটির নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশই পরিচালিত হয়নি বলে বিমান চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে সংস্থাটি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য নিউজের প্রতিবেদনে এএফপির বরাতে বলা হয়েছে, সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে চলাচলের কথা থাকা ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ও সেখানে অবতরণের কথা থাকা আরও বহু ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে।
এদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। অন্যদিকে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে বিমান চলাচল-সংক্রান্ত তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
উড়োজাহাজ চলাচলে সতর্কতা যুক্তরাষ্ট্রের
সৌদি আরবের আকাশসীমা ব্যবহার এবং দেশটিতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান সামরিক তৎপরতা ও নেভিগেশন ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কায় মার্কিন বিমান সংস্থাগুলোকে এ সতর্কতা দেওয়া হয়েছে। এফএএর সতর্কবার্তাটি ১০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকার কথা বলা হয়েছে।
গত শনিবার ও রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমান চলাচলে নিরাপত্তাঝুঁকি বেড়েছে। এসব হামলায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলার পরিপ্রেক্ষিতে ইউরোপ ও এশিয়ার একাধিক বিমান সংস্থাও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে।
বিমানবন্দরটি চালুর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছে বিমান সংস্থা ও যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাতায়াতে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স, ইউরোনিউজ-এএফপির বরাতে, এআরএন নিউজ সেন্টার, দ্য নিউজ



মন্তব্য করুন