বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মিরপুর টেস্টের দলে চার পেসার

October 24, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 10 বার পঠিত

ম্যাচ না খেলেও জাতীয় দল থেকে বাদ পড়ার সংস্কৃতি দেশের ক্রিকেটে পুরোনো। সে ধারাবাহিকতায় এবার টেস্ট দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার ও খালিদ আহমেদ। এক টেস্ট পরেই দলে ফিরেছেন তাসকিন আহমেদ। গতকাল শুক্রবার ঘোষিত ১৫ জনের টেস্ট দলে আর কোনো পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮ অক্টোবর থেকে মিরপুরে অনুষ্ঠেয় টেস্টের দলে পেস বোলার নেওয়া হয়েছে চারজন। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরীফুল ইসলামকে নিয়ে পেস ইউনিট।

অস্ট্রেলিয়া সফরে বিকল্প ওপেনার ছিলেন সৌম্য। আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের দলেও ছিলেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে গা গরমের ম্যাচে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করে রিটায়ার্ট হার্ট হন। তবুও তাঁকে হোম সিরিজের দল থেকে বাদ দেওয়ার কারণ জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সৌম্যকে বসিয়ে রেখে লাভ হবে না। আমি মনে করি সে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ম্যাচ খেললে ভালো করবে। ওকে এনসিএলে খেলতে বলা হয়েছে। প্রয়োজন হলে যে কোনো সময় দলে নেওয়া যাবে। এই ম্যাচে ব্যাটিং একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আমাদের যে ওপেনিং জুটি আছে, তারাই হয়তো খেলবে। আমরা চাই ও প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক।’ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রাম দেওয়া হলেও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলেছেন তাসকিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হওয়ায় সেরা দল নিয়ে খেলছে বাংলাদেশ। তাসকিন দলে ফেরায় বাদ পড়েছেন খালিদ। কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় গ্রেডে কেন্টের হয়ে দারুণ বোলিং করেছিলেন তিনি। তাঁকে পরিবর্তন করার ব্যাখ্যা দেন বাশার, ‘তাসকিন ছন্দে আছে। ওকে নেওয়াই হয়েছে ম্যাচ খেলার জন্য। চারজন পেসার নিলে খালেদ থাকে না। বাঁহাতি শরীফুলকে নেওয়া হয়েছে বোলিং বৈচিত্র্য আনার জন্য।’ আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের দলে থাকলেও খেলেননি শরিফুল।

ঊরুসন্ধিতে (হিপ জয়েন্ট) ব্যথা করায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রাখা হয়নি লিটন দাসকে। যদিও আরব আমিরাতে করা এমআরআই স্ক্যানে কোনো চোট ধরা পড়েনি। দেশে ফেরার পর তাঁকে পরখ করে দেখেছে বিসিবি মেডিকেল বিভাগ। তেমন কোনো সমস্যা না পাওয়ায় টেস্ট দলে লিটনকে রাখার সিদ্ধান্ত। যদিও প্রধান নির্বাচক জানান, টেস্ট খেলার জন্য লিটনকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। সিরিজ শুরুর আগে ফিটনেস পরীক্ষা হবে বলে জানান তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিটন আজ ব্যাটিং অনুশীলন করলে ফিটনেস পরীক্ষায় পাস ধরে নেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন শূন্য করা লিটন আবুধাবি টেস্টে দারুণ খেলেছেন। প্রথম ইনিংসে ৫৩, দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেছেন তিনি। কিপিংয়ে বিশ্বরেকর্ড গড়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। দেশে খেলা হওয়ায় বিকল্প ওপেনার নেওয়ার প্রয়োজন মনে করেননি নির্বাচকরা। তবে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে তিনজন ওপেনার নেওয়া হবে বলে জানান বাশার, ‘দক্ষিণ আফ্রিকা দল দেব, সেখানে তৃতীয় ওপেনার হিসেবে কেউ না কেউ যাবে। সেটা কে হয়, তা আমরা পরে সিদ্ধান্ত নেব; কিন্তু এই মুহূর্তে আমরা চাই, যাদের তৃতীয় ওপেনার হিসেবে আমরা বিবেচনা করছি, তারা সবাই প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক। এ জন্য আসলে এখানে কাউকে রাখা হয়নি।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজটি জিততে উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। আজ থেকে অনুশীলন শুরু হবে মিরপুরে। সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল অনুশীলন করাবেন সকাল ৯টা থেকে। ২৬ ও ২৭ অক্টোবর হবে পুরো দলের প্র্যাকটিস।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *