সিইসির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভে যোগ দিল বিজয়ের টিভিকে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছে অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। বৃহস্পতিবার চেন্নাইয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা সংশোধন ও বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করে বিরোধী জোট ইন্ডিয়া।
‘প্রটেক্ট ডেমোক্রেসি’ শীর্ষক বিক্ষোভের আয়োজন করে কংগ্রেসের সংসদ সদস্য বি. মানিকম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটি। ইন্ডিয়া জোটের সাতটি শরিক দলের প্রতিনিধিরা এতে অংশ নেন। গত ৩ অক্টোবর ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার পর সিইসির অপসারণের দাবিতে এটিই টিভিকের প্রথম বিক্ষোভে অংশগ্রহণ।
বিক্ষোভে টিভিকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলটির নেতা ও তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী এ. রাজমোহন। এ ছাড়া বিদুথালাই চিরুথাইগাল কাটচির (ভিসিকে) সভাপতি ও সংসদ সদস্য থল থিরুমাভালাভান, মারুমালারচি দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (এমডিএমকে) সাধারণ সম্পাদক ভাইকো এবং বিভিন্ন বামপন্থি দলের নেতারা অংশ নেন।
কংগ্রেসের সংসদ সদস্য বিজয় বসন্ত জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। তার অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জবাবদিহি প্রয়োজন।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় তামিলনাড়ুর ভোটার তালিকা থেকে ৯৭ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, এ প্রক্রিয়ায় মুসলিম, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাররা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য করুন