স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় “শিক্ষা ভাতা”, শিক্ষক প্রণোদনা ও শিক্ষার্থীদের বিভিন্ন বরাদ্দের নামে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক আইডি “ডিসি ব্রাহ্মণবাড়িয়া” থেকে এ সংক্রান্ত একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়।
পোস্টে বলা হয়, একটি প্রতারক চক্র জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ব্রাহ্মণবাড়িয়ার নাম ব্যবহার করে শিক্ষক ভাতা, প্রণোদনা কিংবা ছাত্র-ছাত্রীদের নামে বিভিন্ন বরাদ্দ দেওয়ার কথা বলে নগদ ও বিকাশে টাকা পাঠানোর জন্য অনুরোধ করছে।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়, কোন ধরনের আর্থিক লেনদেন না করতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
এছাড়া প্রতারক চক্রের ব্যবহৃত নম্বর হিসেবে +৮৮০১৬২২৬৯৮৭৭৪ নম্বরটি উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের প্রতারণামূলক কল বা বার্তা পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
