বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

November 27, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 39 বার পঠিত

দেশের অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই।

এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। তালিকায় প্রচলিত ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে।

ভ্যাট গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই বিআইএন নেই। এমনকি তারা আনুষ্ঠানিক ব্যবসা পরিচালনার নিয়মকানুন সম্পর্কেও সচেতন নন।

ওই কর্মকর্তা বলেন, দেশের অর্থনীতিতে অনেক ব্যবসা এখনো আনুষ্ঠানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন এমন গৃহিণীরাও, যারা বাড়িতে বসে অনলাইনে পণ্য বিক্রি করেন। এসব ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোয় আনার বিষয়ে সচেতনতা ও আগ্রহ কম। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, ভ্যাট কমিশনারেটগুলো পাঠানো তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।

ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় খাত দুটিকে রাজস্ব আদায়ের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।

ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তার মতে, একটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ কম হলেও সম্মিলিতভাবে পুরো খাতের আর্থিক কর্মকাণ্ডের পরিমাণ অনেক বড়। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের প্রকৃত আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের হিসাব পাওয়া যাবে। এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি)।

২৯ রেস্তোরাঁর বিক্রির হিসাবে গরমিল

এদিকে, পৃথক এক অনুসন্ধানে ২৯টি রেস্তোরাঁর বিক্রির তথ্যে বড় ধরনের অসংগতি পেয়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দা বিভাগ। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে এসব রেস্তোরাঁর বিক্রির যে তথ্য রয়েছে, ভ্যাট রিটার্নে তার চেয়ে অনেক কম বিক্রি দেখানো হয়েছে।

২০২৬ সালের আগস্ট মাসের বিক্রির তথ্য নিয়ে এই অনুসন্ধান চালানো হয়। এ জন্য ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর দাখিল করা ভ্যাট রিটার্নের তুলনা করা হয়।

তদন্তে দেখা গেছে, বেশ কয়েকটি রেস্তোরাঁ অনলাইন প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রির তুলনায় ভ্যাট রিটার্নে উল্লেখযোগ্য পরিমাণ কম বিক্রি দেখিয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন ও রাজস্ব আদায়ের হিসাব যাচাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে।

অনলাইন ব্যবসা ও রেস্তোরাঁ খাতের এসব অনিয়ম ও অসংগতি যাচাইয়ের মাধ্যমে করজাল সম্প্রসারণ এবং রাজস্ব আদায় বাড়াতে চায় এনবিআর।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *