বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হেফাজতের বিক্ষোভের মুখে কুমিল্লায় তাহেরীর অনুষ্ঠান বন্ধ

November 27, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 36 বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের পর শুক্রবার দুপুরে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের অনুমতি না থাকায় তাকে সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। তার অনুষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানান তারা।

শুক্রবার অনুষ্ঠানস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তিনি সেখানে অনুষ্ঠান করতে এলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে মাওলানা তাহেরীকে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *