বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নিউজিল্যান্ডে ১ আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট

November 27, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 37 বার পঠিত

নিউজিল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে শুক্রবার। এতে দেখা গেছে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের নেতৃত্বাধীন ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র একটি আসন কম পেয়েছে।

এই ফলাফলের কারণে দেশটি কয়েক সপ্তাহের রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল। এমনকি নতুন করে আরেকটি নির্বাচনের সম্ভাবনাও তৈরি হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে একটি মধ্যপন্থি দলের সঙ্গে আলোচনায় বসতে পারেন লাক্সন। শুক্রবার তিনি নিজেও এমন ঘোষণা দিয়েছেন।

দেশটিতে ৭ নভেম্বর পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রাথমিক ফলাফলে লাক্সনের দল ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন জোটের কোনোমতে ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত ছিল। এই জোটে আরও আছে এনজেড ফার্স্ট ও লিবার্টারিয়ান এসিটি। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, তারা সংখ্যাগরিষ্ঠতার তুলনায় একটি আসন কম পেয়েছে।

১৩০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ৬৬টি আসন প্রয়োজন। ক্ষমতাসীন জোট পেয়েছে ৬৫টি। এর মধ্যে ন্যাশনাল পার্টি ৪০, এসিটি ১৩ ও এনজেড ফার্স্ট ১২টি।

এর বাইরে মধ্যপন্থি দল অপরচুনিটি পেয়েছে ৭টি আসন। বিরোধী ব্লকে লেবার পার্টি ৩৬, গ্রিন পার্টি ১৭ ও তে পাতি মাওরি ৫টি আসন পেয়েছে।

নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি প্রধান ইস্যু ছিল। শুক্রবার সাংবাদিকদের কাছে লাক্সন স্বীকার করেন, নতুন সরকার গঠন করা ‘চ্যালেঞ্জিং’ হবে। তিনি বলেন, সরকার গঠনের আলোচনা কঠিন হতে পারে। এতে কিছুটা সময় লাগবে।

সরকার গঠন করতে হলে মধ্যপন্থি দল অপরচুনিটির সমর্থন লাগবে ক্ষমতাসীনদের। এই দলের নেতৃত্বে আছেন কিউলে ওং। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তিনি সহনশীল ও নমনীয় রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন।

অপরচুনিটি ও ক্ষমতাসীনদের মধ্যে সমঝোতা না হলে নিউজিল্যান্ড আবার নির্বাচনের দিকে যেতে পারে। প্রধানমন্ত্রী লাক্সন বলেন, দ্রুত কাজ শেষ করার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরকার স্থিতিশীল ও পুরো মেয়াদে টিকবে কি না সেসব দিক বিবেচনায় রাখতে হবে।

এএফপি ও দ্য গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *