বাংলাদেশে ফুটবল একাডেমি গড়তে চায় আর্জেন্টিনা

দুই দিনের থেমে থেমে বৃষ্টির পর শনিবারও ঢাকার আকাশ ছিল মেঘলা। তবে বৃষ্টি কিংবা মেঘলা আবহাওয়া দমাতে পারেনি আর্জেন্টিনা থেকে আসা তিন ফুটবল কর্মকর্তার উৎসাহ।
হাজার মাইল দূরের বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে দুপুরে জাতীয় স্টেডিয়ামে হাজির হন তারা। সেই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবলের প্রশিক্ষণ পদ্ধতি চালু এবং একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
দুপুর ১২টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লোগো লাগানো একটি মাইক্রোবাস এসে থামে স্টেডিয়ামের প্রধান ফটকে। দোভাষীকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন কর্মকর্তা।
কিছুদিন আগেই যেখানে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শেষ হয়েছে, সেই মাঠ ঘুরে দেখার মধ্য দিয়ে শুরু হয় তাদের বাংলাদেশ সফর।
ভারতে এএফএর একটি একাডেমি চালুর কাজ শেষ করে বাংলাদেশে এসেছেন তারা।
প্রতিনিধি দলে রয়েছেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স।
বাংলাদেশের মানুষের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রতিনিধি দলের রয়েছে বড় পরিকল্পনা। আর্জেন্টাইন ফুটবলের প্রশিক্ষণ পদ্ধতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এবং এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করতে চায় তারা।
মারিও মার্টিন তুলা বলেন, ‘এই পরিকল্পনাটি আমাদের দেশ আর্জেন্টিনাতেই তৈরি হয়েছে। আমরা এশিয়া সফরে বেরিয়েছি এবং ভারত ঘুরে এসেছি। সেখানে আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি মেনে একটি একাডেমি চালু করছি। পরে দলের সবার সঙ্গে কথা বলে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিই। আমরা জানি, এই দেশে আমাদের জাতীয় দলের সাত কোটির বেশি ভক্ত আছেন। তাদের ধন্যবাদ জানাতেই আমরা এসেছি। পাশাপাশি ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে কিছু কাজ করতে চাই।’
তবে বাংলাদেশে একাডেমি গড়ার পরিকল্পনাটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে। বিনিয়োগের সুযোগ খুঁজতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন প্রতিনিধি দলের সদস্যরা। এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি, একাডেমি চালুর তারিখও নির্ধারিত হয়নি। পুরো বিষয়টি নির্ভর করছে স্থানীয় বিনিয়োগকারীদের আগ্রহের ওপর।
তুলা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করা। এই প্রস্তাব নিয়েই আমরা এসেছি এবং সে কারণেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি।’
বাংলাদেশের ফুটবল সম্পর্কে এখনো বিস্তারিত ধারণা না থাকায় আপাতত বড় কোনো ঘোষণা দিতে চাইছেন না আর্জেন্টাইন কর্মকর্তারা। নিকোলাস বলেন, ‘আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, কারণ আমরা সবেমাত্র শুরু করেছি। এখনই একাডেমি খুলছি না। বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের এখনো পরিষ্কার ধারণা তৈরি হয়নি।’
বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক উন্নতির বিষয়টিও এখনো তাদের মূল্যায়নের পর্যায়ে আসেনি। এই সফরে কার সঙ্গে কী ধরনের আলোচনা হয় এবং কেমন অংশীদারত্ব গড়ে ওঠে, তার ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি চালুর প্রস্তাব দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের ওপরই ছেড়ে দিয়েছেন তুলা। তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব হলো আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি যুক্ত করে একসঙ্গে কাজ করা। তবে কখন এবং কীভাবে তা হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষই নেবেন।’
বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রসঙ্গও আলোচনায় এসেছিল। তবে এ নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি প্রতিনিধি দলের সদস্যরা। আপাতত একাডেমি গড়ে তোলা, বিনিয়োগের সুযোগ খোঁজা এবং স্থানীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা ও সমর্থকদের উৎসবের খবর দেশটিতে বেশ পরিচিত। দূরদেশের মানুষের এই ভালোবাসা ছুঁয়ে গেছে নিকোলাসকেও। তিনি বলেন, ‘এটা দারুণ ভালো লাগা ও আনন্দের অনুভূতি। এত মানুষ আমাদের জার্সির রং আর দেশকে ভালোবাসেন, এটা জানলে গর্বে বুক ভরে যায়।’
এই সফরে বাফুফের সঙ্গে একটি অনুষ্ঠান ও সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলের। আর্জেন্টিনার ফুটবল সাফল্য নিয়ে উৎসব করে আলোচনায় আসা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও যাবেন তারা।
ভারতের পাশাপাশি এশিয়ার আরও কয়েকটি দেশে একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এএফএ ইন্টারন্যাশনালের। তুলা জানান, কয়েকটি দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ সফর শেষে তারা আবার ভারতে ফিরে যাবেন। বাণিজ্যিক উদ্যোগের বাইরেও দূরদেশের সমর্থকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের অন্যতম উদ্দেশ্য।
শনিবার জাতীয় স্টেডিয়ামের মাঠ ও পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তুলা। সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ হওয়া এই মাঠ নিয়ে তার মূল্যায়ন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এটিকে একেবারে আধুনিক একটি স্টেডিয়াম মনে হয়েছে। আমার সত্যিই মনে হয়, এখানে অলিম্পিক কিংবা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা সম্ভব। সিনিয়র বিশ্বকাপের ফাইনাল না হলেও অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সব ব্যবস্থা এখানে আছে।’
স্টেডিয়াম ঘুরে দেখার সময় মাঠের ঘাসও পরখ করেন অতিথিরা। তোলেন সেলফি ও দলবদ্ধ ছবি। মেঘলা বিকেলে সাফ চ্যাম্পিয়নশিপের মতো উৎসবমুখর পরিবেশ না থাকলেও বাংলাদেশের ফুটবলপ্রেমের প্রথম ছাপ নিয়ে ফিরছেন আর্জেন্টাইন কর্মকর্তারা। তাদের এই সফর ভবিষ্যতে দুই দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।



মন্তব্য করুন