সৌরমণ্ডলের প্রান্তে বিশাল বরফের আধার! বায়ুমণ্ডলের ১২টি কণা বিশ্লেষণ করে অবাক নাসার বিজ্ঞানীরা

এই গবেষণা থেকে আরও একটি বিষয় স্পষ্ট যে, মহাকাশ থেকে পৃথিবীতে এসে পৌঁছোনো ক্ষুদ্র কণাগুলি এমন কিছু স্থানের তথ্য সংরক্ষণ করতে পারে, যেখান থেকে মহাকাশযান এখনও সরাসরি কোনও নমুনা সংগ্রহ করতে পারেনি।
সৌরমণ্ডলের প্রান্তে, নেপচুনের থেকেও দূরে রয়েছে প্রাচীন এক বরফের আধার। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীরা এই বিষয়ে প্রায় নিশ্চিত। লক্ষ কোটি বছর আগে যখন গ্রহগুলি তৈরি হয়েছিল, তখন কী ভাবে জল এবং অন্য বস্তুর বণ্টন হয়েছিল, এই আধার তারই প্রমাণ দেয় বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। বায়ুমণ্ডলের ১২টি কণা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন তাঁরা।
পৃথিবীর অনেক উপরে মহাকাশ থেকে কিছু ধূলিকণা সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। তার কণা বিশ্লেষণ করে কিছু রাসায়নিক পদার্থ তারা খুঁজে পেয়েছেন। তা থেকেই তাঁদের মনে হয়েছে, কুইপার বেল্টে বরফের এক বিশাল ভান্ডার রয়েছে। সৌরমণ্ডলে নেপচুন গ্রহেরও পরে বরফ এবং পাথুরে জিনিসে ভরা বিস্তীর্ণ অঞ্চলকে বলে কুইপার বেল্ট। মনে করা হচ্ছে, সৌরমণ্ডল কী ভাবে গঠিত হয়েছিল এবং তার এক এক অংশের রাসায়নিক গঠন কেমন, তা জানতে সাহায্য করবে এই নতুন গবেষণা। সেটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল সায়েন্স অ্যাডভান্সেস’-এ।
পৃথিবীর উপরে বায়ুমণ্ডল থেকে ১২টি ধূলিকণা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। নাসার ইআর-২ গবেষক বিমান কাজে লাগিয়ে সেই কণা সংগ্রহ করা হয়। ওই ক্ষুদ্র কণারা মহাকাশে কোথা থেকে ঘুরে ঘুরে কী ভাবে এসেছে, সেই তথ্য তুলে ধরে বিজ্ঞানীদের কাছে। সূর্য থেকে বিক্ষিপ্ত উচ্চ শক্তিসম্পন্ন কণাগুলির ফেলে যাওয়া চিহ্নও পরীক্ষা করেন বিজ্ঞানীরা। আর তা করেই তারা কুইপার বেল্ট থেকে আসা ধুলিকণাকে চিহ্নিত করতে পেরেছেন।
শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কণাগুলি পরীক্ষা করেছেন নাসার জনসন স্পেস সেন্টারের গবেষকেরা। সেগুলির অক্সিজেনের গঠন পরীক্ষা করেছেন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা ওই কণায় এমন কিছু খনিজ শনাক্ত করেছেন যা, সৌরজগৎ সৃষ্টির সময়ে জলের সঙ্গে ধূলিকণার বিক্রিয়ার ফলে তৈরি হয়েছিল। রাসায়নিক চিহ্নগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, লক্ষ কোটি বছর আগে সেই সৃষ্টির সময়ে জলে অক্সিজেনের পরিমাণ ছিল খুব বেশি, যা অক্সিজেন আইসোটোপ নামে পরিচিত।
অক্সিজেনের বিভিন্ন রূপ রয়েছে, যার পরমাণুতে নিউট্রনের সংখ্যার ভিন্ন হয়। এই পার্থক্যগুলি বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে যে, উপাদানগুলোর উৎপত্তি কোথায় হয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি কী ভাবে পরিবর্তিত হয়েছে। আর এ সব পরখ করেই বিজ্ঞানীদের ধারণা হয়েছে, সৌরমণ্ডলের বাইরের অংশে রয়েছে এক বিশাল বরফের জলাধার।
বহু বছর ধরেই বিজ্ঞানীরা মনে করেন, সৌরমণ্ডলে পৃথিবীর দূরতম অংশে যে জল রয়েছে, তাতে অক্সিজেনের পরিমাণ খুব বেশি। কিন্তু সেই প্রমাণ তাঁরা হাতেনাতে পাননি। কারণ, মহাকাশ থেকে এত দিন যে সব শিলা তাঁরা সংগ্রহ করতে পেরেছিলেন, তা সবই মিলেছিল সূর্যের নিকটবর্তী অঞ্চল থেকে। নতুন গবেষণা বলছে, সৌরমণ্ডলের দূরতম অংশে যে জল রয়েছে, তার গঠন সূর্যের কাছাকাছি অংশের জলের গঠনের থেকে আলাদা।
গবেষকদের ধারণা, বিশালাকার গ্রহগুলির গঠন প্রক্রিয়া একটি প্রতিবন্ধক বা বাধা হিসাবে কাজ করেছিল। সৌরজগতের ভিতরের দিকে কী পরিমাণ উপাদান প্রবেশ করবে, তা নির্ধারণ করে দিয়েছিল ওই গ্রহগুলির গঠন। অধ্যাপক কেভিন ম্যাককিগানের মতে, সৌরমণ্ডল যখন তৈরি হচ্ছিল, তখন জল সব জায়গায় সম ভাবে বণ্টিত হয়নি। সমান ভাবে সবের সঙ্গে মিশেও যায়নি।
এই গবেষণা থেকে আরও একটি বিষয় স্পষ্ট যে, মহাকাশ থেকে পৃথিবীতে এসে পৌঁছোনো ক্ষুদ্র কণাগুলি এমন কিছু স্থানের তথ্য সংরক্ষণ করতে পারে, যেখান থেকে মহাকাশযান এখনও সরাসরি কোনও নমুনা সংগ্রহ করতে পারেনি।
আনন্দবাজার ডট কম



মন্তব্য করুন