স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রূপক রায়কে-(৩২) জিম্মি করে মারধোর ও খালি স্ট্যাম্পে তার স্বাক্ষর নিয়ে মুক্তিপন দাবির প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে মঙ্গলবার সকালে আমতলী বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার চান্দুরা ইউনিয়নের লোকজন ও আমতলী বাজারের ব্যবসায়িরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আমতলী বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আফজাল হোসেন মোল্লা, চান্দুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক রফিক মাস্টার, চান্দুরা ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ খন্দকার, খেলাফত মজলিস বিজয়নগরের সভাপতি তানভীর খান, বাছির সরদার, রিপন মিয়া, প্রসেনজিৎ মালাকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘এই পরিবারের লোকজন মানুষকে জিম্মি করে টাকা আদায়কে পেশা হিসেবে নিয়েছে। এর আগেও তারা এমন ঘটনা ঘটিয়েছে। তারা ব্যবসায়ী রূপক রায়কে জিম্মিদশা থেকে উদ্ধার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানায় ও বাকি আসামীদেরকে গ্রেপ্তার করার দাবি জানান।
উল্লেখ্য, উপজেলার আলাদাউদপুর গ্রামের সাহা পাড়ার বাসিন্দা ও আমতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রূপক রায় রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বিকাশে টাকা পাঠানোর কথা বলে কৌশলে তাকে আনোয়ার হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর রূপক সাহাকে বেঁধে মারধর করা হয়। তার কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। পরে তার কাছে ২০ লাখ মুক্তিপন দাবি করা হয়।
রূপককে আটকে রাখার বিষয়টি দুপুরে জানাজনি হলে পরিবারের পক্ষ থেকে “৯৯৯” এ ফোন করা হয়। পাশাপাশি বিজয়নগর থানাকেও অবহিত করা হয়। খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় পুলিশ গিয়ে রূপককে উদ্ধার করে।
এ সময় লাভলুর রহমান, তার দুই ছেলে আনোয়ার হোসেন-(৪০) ও শাহনূর রহমানকে-(৩০) আটক করে পুলিশ। পরে লাভলুর রহমানকে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় রূপক রায়ের পিতা গোপাল রায় সোমবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন।
রূপক জানায়, তাকে আটকে রেখে বেধরক মারধোর করে একাধিক খালি স্ট্যাম্পে সাক্ষর নেয়া হয় ও তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়।
রূপকের বাবা গোপাল রায় জানান, পুলিশ ও এলাকাবাসী গিয়ে উদ্ধার না করলে হয়তো ছেলেকে ফিরে পেতেন না। এ ঘটনায় রোববার রাতেই তিনি থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
