বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক

June 21, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 30 বার পঠিত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা খরা কাটানোর মিশন শুরু করেছে ইংল্যান্ড। সার্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনার পর দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল ইংলিশরা। কেইন, বেলিংহ্যাম, ফোর্ডেনদের মতো তারকা ফুটবলার দিয়ে মাঠে নেমে শুরুতে মনে হচ্ছিল ডেনমার্ককে উড়িয়ে দিবে ইংল্যান্ড।

কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা হাড়েহাড়ে টের পেয়েছে ইংল্যান্ড। দুর্দান্ত ফুটবল খেলে শক্তিশালী ইংলিশদের রুখে দিয়েছে ডেনমার্ক। ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে তারা।

বৃহস্পতিবার (২০ জুন) ফ্রাঙ্কফুর্টে ম্যাচের ১৮তম মিনিটে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ৩৪তম মিনিটে ডেনমার্ককে সমতায় ফেরান মর্টেন ইয়ুলমান। শেষ পর্যন্ত গোল না হওয়ায় ম্যাচটি ড্র হয়েছে।

এদিন ছোট ছোট পাসে গড়া আক্রমণে দ্বাদশ মিনিটে বেশ ভালো একটি আক্রমণ শাণায় ইংল্যান্ড। কাইল ওয়াকারের শেষ পাস ধরে তড়িৎ বক্সে ঢুকে পড়েন ফিল ফোডেন, কোনো বাধা ছাড়াই নেন শট; কিন্তু সেটা লক্ষ্যের ধারেকাছেও ছিল না।

প্রতিপক্ষের রক্ষণের ভুলে আর সৌভাগ্যের একটু ছোঁয়ায় ছয় মিনিট পর এগিয়ে যায় ইংল্যান্ড। ডি-বক্সের ডান দিকে ডিফেন্ডার ক্রিস্টিয়ানসেনের দুর্বলতায় তার থেকে বল কেড়ে নিয়ে ভিতরে ঢুকে গোলমুখে পাস দেওয়ার চেষ্টা করেন ওয়াকার, তবে বল প্রতিপক্ষের দুজনের পায়ে লেগে চলে যায় কেইনের কাছে। অনায়াসে বল জালে পাঠান তারকা স্ট্রাইকার।

পিছিয়ে পড়ার পর পাল্টা চাপ দেয় ডেনমার্ক। দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। ৩৪তম মিনিটে নিজেদের সীমানায় একটি থ্রোয়িংয়ের পর পজেশন হারিয়ে ফেলে ইংলিশরা, আর বল ধরে প্রায় ৩০ গজ দূর থেকে শটে গোলটি করেন ইয়ুলমান। প্রতিক্রিয়া দেখাতে একটু যেন দেরি করে ফেলেন গোলরক্ষক, বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধের ছন্দহীনতা বিরতির পর ঝেড়ে ফেলার চেষ্টা দেখা যায় ইংলিশদের। কিন্তু সমন্বয়হীনতার অভাবে ভেস্তে যাচ্ছিল তাদের সব আক্রমণ। ৫৬তম মিনিটে ভাগ্য সহায় হলে অবশ্য ফের এগিয়ে যেতে পারতো দলটি; কিন্তু ফোডেনের ২২ গজ দূর থেকে নেওয়া শট লাগে পোস্টে।

আক্রমণে গতি যোগ করতে ৭০তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন ইংল্যান্ড কোচ। কেইন, বুকায়ো সাকা ও ফোডেনকে তুলে অলি ওয়াটকিন্স, জ্যারড বোয়েন ও এবারসি এজেকে নামান তিনি। মাঠে নামার পরের মিনিটেই প্রতিপক্ষের বক্সে ভীতি ছড়ান ওয়াটকিন্স।

বেলিংহ্যামের দারুণ থ্রু পাস ধরে দুরূহ কোণ থেকে শট নেন তিনি, তবে একেবারে ঠিক সময়ে সেদিকে এগিয়ে গিয়ে ঠেকিয়ে দেন কাসপের স্মাইকেল। ৭৭তম মিনিটে পিয়েরে-এমিল হয়বার্গের বক্সের বাইরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। শেষ পর্যন্ত ড্র করে মাঠে ছাড়ে দুই দল।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *