বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য ‘সুদমুক্ত’ শরিয়াহ স্টুডেন্ট লোন

November 11, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 38 বার পঠিত

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের জন্য ‘সুদমুক্ত’ শরিয়াহ সম্মত স্টুডেন্ট লোনের বিজ্ঞাপন দেওয়া শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষ (২০২৬-২৭) থেকেই চালু হতে যাওয়া এই বিশেষ ব্যবস্থার অধীনে শিক্ষার্থীদের ঋণের কিস্তির টাকা সরাসরি সরকারি তহবিলে না গিয়ে ভবিষ্যতে অন্যান্য শরিয়াহ ঋণগ্রহীতাদের সহায়তায় ব্যবহার করা হবে।

তবে অন্যান্য সরকারি ঋণের মতোই শরিয়াহ ঋণের ক্ষেত্রেও যদি কোনো শিক্ষার্থী ঋণ পরিশোধে ব্যর্থ হন, তবে সেই অর্থনৈতিক বকেয়ার দায় শেষ পর্যন্ত সাধারণ ব্রিটিশ করদাতাদের ওপরই চাপবে বলে ধারণা করা হচ্ছে।

ইসলাম ধর্মে সুদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় এই নতুন ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে, যেন কোনো মুসলিম শিক্ষার্থী কেবল সুদের কারণে উচ্চশিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হন।

তবে এই লোন সুবিধাটি কেবল মুসলিমদের জন্য নয়, যেকোনো শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত থাকবে। এতে প্রথাগত সুদের পরিপূরক হিসেবে ইসলামিক অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক সহায়তার নীতি ব্যবহার করা হবে।

এই নীতি অনুযায়ী, শিক্ষার্থীরা আসল ঋণের অতিরিক্ত হিসেবে সুদের পরিবর্তে নির্দিষ্ট সমপরিমাণ একটি অংশ দান বা কন্ট্রিবিউট করবেন, যা আলাদা করে একটি নির্দিষ্ট তহবিলেই রাখা হবে। এর ফলে ওই অর্থ দিয়ে ভবিষ্যতে কেবল ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফিন্যান্স’ প্রোগ্রামে যুক্ত হওয়া শিক্ষার্থীরাই সুবিধা পাবেন।

ইতোমধ্যেই যুক্তরাজ্যের ব্রিস্টল ও লিডস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই লোন চালু হতে পারে। এছাড়া ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), সিটি সেন্ট জর্জস এবং নিউক্যাসল বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির আবেদনে এটিকে ‘সুদমুক্ত ও শরিয়াহ সম্মত ফিন্যান্স’ হিসেবে তুলে ধরছে। দে মন্তফোর্ট বিশ্ববিদ্যালয়ও ধর্মীয় কারণে প্রথাগত লোন নিতে না পারা শিক্ষার্থীদের জন্য এটিকে শরিয়াহ-অনুমোদিত হিসেবে প্রচার করছে।

যদিও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, ইউকে ফতোয়া কাউন্সিলের মতে প্রথাগত স্টুডেন্ট লোন ব্যবহার করা মুসলিমদের জন্য জায়েজ। তবুও ২০২১ সালের মুসলিম সেন্সাসের এক জরিপ ভিন্ন চিত্র দেখায়। প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ওই জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থীই সাধারণ লোন নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং ৭১ শতাংশের মতে বিদ্যমান লোন ব্যবস্থাটি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। এ কারণে এই নতুন স্কিম চালুর জন্য যুক্তরাজ্য সরকার ‘ইসলামিক ফিন্যান্স কাউন্সিল ইউকে’-কে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি তহবিল দেয় পরিকল্পনা তৈরির জন্য।

তবে সরকারের এ উদ্যোগ যুক্তরাজ্যের রাজনীতিতে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। বিরোধী দল রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এটিকে একটি ‘দ্বিমুখী ও বিভাজন সৃষ্টিকারী ব্যবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, এটি ব্রিটিশ জীবনধারার সঙ্গে সামঞ্জস্যহীন একটি সমান্তরাল ব্যবস্থা তৈরি করছে। সরকারের এই দ্বিমুখী নীতি ও বকেয়া ঋণের বোঝা করদাতাদের ওপর চাপানোকে তিনি একটি চরম হাস্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

সমালোচনার জবাবে ব্রিটিশ সরকারের শিক্ষা বিভাগ (ডিএফই) জানিয়েছে, এ ব্যবস্থার কারণে মুসলিম শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবেন– এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সরকারের মতে, সাধারণ লোনের মতোই শরিয়াহ লোন গ্রহণকারী স্নাতক শিক্ষার্থীরাও পুরো অর্থ পরিশোধ করবেন এবং সুদের সমপরিমাণ বিকল্প অর্থই তারা দিচ্ছেন। ধর্মীয় বিশ্বাসের কারণে যাতে কেউ বিশ্ববিদ্যালয় শিক্ষা থেকে বাদ না পড়েন, সেজন্যই এই সুদমুক্ত রাষ্ট্রীয় ঋণ ব্যবস্থা তৈরি করা হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *