নবীনগরে পুকুরে ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে ২০ মাস বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম আকরাম ও হুজাইফা। তারা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী আক্কাছ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে খেলছিল দুই ভাই। একপর্যায়ে তাদের খেলার বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে তারা দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় দুই শিশু। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। যমজ দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে দুই শিশুর বল পুকুরে পড়ে যায়। পরে বল আনতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। খোঁজখবর নিয়ে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মানবিক দিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন