বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা : শিক্ষামন্ত্রী

October 13, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 9 বার পঠিত

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা বছরের পর বছর চলতে দেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষাব্যবস্থায় এগিয়ে যেতে পারবে না, তাদের কারিগরি শিক্ষার আওতায় নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। শিক্ষার্থীদের বছরের পর বছর পরীক্ষার জন্য অপেক্ষা করানো কিংবা অযথা কালক্ষেপণের সুযোগ দেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারবে না, তাদের কারিগরি শিক্ষাব্যবস্থায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করার কাজ শুরু করেছে সরকার। ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে খেলাধুলা শুরু হয়েছে। মাধ্যমিক পর্যায়েও এ কার্যক্রম চলছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গোল্ডকাপ আয়োজন করা হচ্ছে। পড়ালেখার সঙ্গে খেলাধুলার সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা ড. সরদার মো. কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. রেজাউল করিম বাদশা।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং আরডিএ বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নবনিযুক্ত সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও শিক্ষা প্রশাসন-সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *