ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। তারা জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।
নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।
এসআই আব্দুল বাতেন আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে- তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
