মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ কেনার বিষয়টি নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে ট্রাম্প বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ কেনার ঘটনাকে বোয়িং ও মার্কিন উৎপাদন খাতের জন্য ‘বড় দিন’ হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
অন্যদিকে, গত বুধবার বোয়িং জানায়, তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী টার্কিশ এয়ারলাইনস ১০০টি উড়োজাহাজ কিনেছে। পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।
ট্রাম্প তার পোস্টে বলেন, তুরস্ক ও বাংলাদেশ মিলিয়ে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও মার্কিন বাণিজ্য দপ্তরের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
উড়োজাহাজ বিক্রির এই আয় এবং বড় পরিমাণের মার্কিন রপ্তানি যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে বলে পোস্টে উল্লেখ করেন ট্রাম্প।
তিনি লেখেন, বোয়িং ও তিনি যে বিষয়টি সব সময় জানতেন, বাজার এখন সেটিই স্বীকার করছে। তার ভাষায়, ‘আপনি যখন আমেরিকায় উৎপাদন করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন কর্মীদের সমর্থন করবেন, তখন আপনার কোম্পানি আরও শক্তিশালী হয়ে উঠবে।’
পোস্টের শেষে বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান ট্রাম্প।
