ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্যের মহাকালের কবি আল মাহমুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজ সকালে তাঁর কবর জিয়ারত ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী “কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬”।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক অতিরিক্ত সচিব, কবি এবং অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের সভাপতি শাহ মোহাম্মদ সানাউল হক, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন আশরাফ বুমার সাধারণ সম্পাদক নিশাদুল ইসলাম নিশাদ, কবি হুমায়ন কবির, কবি ইউনুস, কবি মাশরাকি শিপারসহ সাহিত্য ও সংস্কৃতিমনা বিশিষ্টজন।
এ সময় কবির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা এইচ এম জাবেদ হোসাইন।
কবর জিয়ারত শেষে উপস্থিত সবাই কবি আল মাহমুদের সাহিত্যকীর্তির চিরস্থায়ী প্রভাব স্মরণ করেন এবং তাঁর সৃষ্টিশীল উত্তরাধিকার আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এদিকে, স্মরণোৎসবের প্রথম দিনের মূল আয়োজন আজ বিকেল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে দেশের বরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিজনেরা অংশগ্রহণ করবেন।
কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ সাহিত্যপ্রেমী, সংস্কৃতিসেবী এবং সর্বস্তরের মানুষকে এই আয়োজন উপভোগ ও সফল করার লক্ষ্যে সাদর আমন্ত্রণ জানিয়েছে।
