লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধ করা যায়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়।”
তিনি বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় অংশে মাদক উৎপাদন ও পাচার বেড়ে যাওয়ার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে। ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা কীভাবে দেশে প্রবেশ করছে, সে বিষয়ে স্বরাষ্ট্র বিভাগকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে।”
এ সময় তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় এক সাংবাদিক খুন হয়েছেন এবং বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন।
তিনি বলেন, “নাগরিক নিরাপদ না, সাংবাদিক নিরাপদ না, তাহলে মানুষ কোথায় নিরাপদ?”
কসবায় যাওয়ার পথে বাধার মুখে পড়ার অভিযোগ তুলে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বিভিন্ন জায়গায় তার চলাচলে বাধা দেওয়া হয়েছে। “আমি বাংলাদেশের নাগরিক। আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না,” বলেন তিনি।
পরে এনসিপির প্রতিনিধিদল নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইংয়ের সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম–আহ্বায়ক তারেক আদেল।
