লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলার ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাব–৯।
সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব–৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী।
আটক ব্যক্তিরা হলেন, খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী (১৯) এবং জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।
র্যাব জানায়, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুর এলাকায় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যাচ্ছিলেন র্যাবের তিন গোয়েন্দা সদস্য। পথে নবীনগরের খাগাতোয়া গ্রামে পৌঁছালে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
একপর্যায়ে র্যাব সদস্যদের জিম্মি করে একটি আস্তানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে আটকে রেখে মারধর করা হয়। হামলার সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে র্যাব।
পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালায় র্যাব। অভিযানের সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও হামলায় জড়িতদের মধ্যে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। আটক আব্দুল কাদিরকে হামলার অন্যতম হোতা বলে দাবি করেছে র্যাব।
এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
